এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৪ আগস্ট : স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে বানিয়ে ফেলেছিল ভারতীয় পরিচয়পত্র । বহাল তবিয়তে বসবাস করছিল আফগানিস্তানের যুবক ৷ রাজ্যে পালাবদলের পর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়াকড়ি শুরু হতেই নেপালে পালানোর ছক কষেছিল ওই আফগানি । কিন্তু শেষ রক্ষা হল না । নেপাল যাওয়ার পথে শিলিগুড়ির পানিট্যাঙ্কি অভিবাসন দফতরে পৌঁছতেই পুলিশের হাতে ধরা পড়ে গেল যে । পুলিশ জানিয়েছে,ধৃত আফগান যুবকের নাম আবদুল্লা খান(২৬) । তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড,ভোটার কার্ড,ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে তার ভারতীয় সহযোগীকেও । ধৃত আফগানির সহযোগীকে বিধাননগরের দত্তাবাদের বাসিন্দা শঙ্কর বনিক হিসাবে চিহ্নিত করেছে পুলিশ ।
জানা গেছে,দীর্ঘদিন ধরে হাওড়ার শিবপুর এলাকায় থাকছিল আবদুল্লা খান। সঙ্গে থাকতো শঙ্কর বনিক । আর শঙ্কর বনিকের সহযোগিতাতাতেই সে টাকার বিনিময়ে জাল ভারতীয় নথি তৈরি করেছিল । অভিযুক্তের বিরুদ্ধে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে সম্প্রতি লুকআউট সার্কুলারও জারি করা হয়েছিল।
জানা গেছে,আজ দু’জনে নেপালে যাওয়ার জন্য পানিট্যাঙ্কি অভিবাসন দফতরে যায় । কিন্তু আবদুল্লার নথিপত্র দেখে সন্দেহ হয় অভিবাসন দফতরের কর্মীদের । তাদের দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারা যায় যে আবদুল্লা খান আদপে একজন আফগান নাগরিক। এরপর আবদুল্লা ও তার সহযোগী শঙ্কর বনিককে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।কীভাবে ওই আফগান যুবক ভারতীয় পরিচয়পত্র পেল,শঙ্কর ছাড়া আর কারা তাকে জাল নথি তৈরি করতে সাহায্য করেছিল এই এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।।
