এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৫ নভেম্বর : ঋণের জালে জড়িয়ে পরা অসহায় পরিবারের বসতবাড়ি বাঁচাতে নিজের গহনা বিক্রি করলেন পূর্ব বর্ধমান জেলার গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র। গলসির বেলান গ্রামের বাসিন্দা সমর পাল বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় বন্ধক রাখা বসতবাড়ি হারানোর মুখে পড়েছেন । ফলে , এক কন্যা ও এক পুত্রের পরিবার নিয়ে তিনি কার্যত অসহায় হয়ে পড়েন । একথা জানতে পেরে বিজেপি বিধায়ক রাজু পাত্র গলসির একটি বেসরকারি ব্যাঙ্কে নিজের গলার সোনার চেন বন্ধক রেখে সমরবাবুর হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দিয়ে আসেন । বিধায়কের কাছে সাহায্য পেয়ে কিছুটা আশার আলো দেখছে ওই পরিবারটি । রাজু পাত্র জানিয়েছেন,ওই পরিবারটি যাতে এই পরিস্থিতি থেকে উদ্ধার হতে পারে সেজন্য কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন ।
জানা গেছে, গলসি থানার অন্তর্গত বেলান গ্রামটি খণ্ডঘোষ বিধানসভা এলাকার মধ্যে পড়ে। সেখানকার বাসিন্দা সমর পাল। স্ত্রী মধুমিতা পাল, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁর সংসার । পেশায় মুদির দোকানদার সমরবাবু বাড়ি তৈরির সময় বেসরকারি সংস্থা থেকে ৬ লক্ষ ৪৮ হাজার টাকা ঋণ নিয়েছিলেন । গত মার্চ পর্যন্ত কিস্তিতে সাড়ে ৮ লক্ষ টাকার বেশি শোধ করলেও আরও ১ লক্ষ টাকার অধিক বকেয়া থেকে যায়৷ এদিকে নিজের মুদি দোকান সেভাবে না চলায় সেই টাকা তিনি পরিশোধ করতে পারছিলেন না ।
বিধায়ক রাজু পাত্র বলেন,’পরিবারটির সামনে বিকল্প কোনো রাস্তা ছিল না । এমনকি তারা আত্মহত্যা করার কথাও চিন্তাভাবনা করছিলেন বলে জানতে পারি । তাই আমি আর চুপ থাকতে পারিনি । আমার বিধানসভার এলাকার বাসিন্দা নয় জেনেও পরিবারটি বাঁচাতে এগিয়ে আসি ।’ তিনি আরও বলেন,’আমার বিধায়ক ভাতা পেতে দিন কুড়ি দেরি আছে । এদিকে ওই পরিবারের বসতবাড়ি বাঁচাতে হলে হাতে সময়ও নেই । আদালতের নির্দেশে বাড়িটি দখল নেওয়ার প্রস্তুতি শুরু করছিল ওই বেসরকারি সংস্থাটি । তাই বাধ্য হয়ে আমি আমার নিজের সোনার চেন বন্ধক করে এক লক্ষ টাকা পরিবারটির হাতে তুলে দিয়েছি ।’
সমরবাবু জানান, ১ লক্ষ ২০ হাজার টাকায় পুরো ঋণ মিটিয়ে নেওয়ার কথা হয়েছে । বিধায়ক সাহেব এক লক্ষ টাকা দিয়েছেন । বাকি টাকার ব্যবস্থা তিনি করছেন বলে জানান । এই দুর্দিনে পাশে দাঁড়ানোয় বিজেপি বিধায়ককে কৃতজ্ঞতা জানিয়েছেন সমরবাবু ও তার স্ত্রী ।।

