২০২২ সালে বিবাহবিচ্ছেদ হওয়া এক জাপানি দম্পতি লখনউতে একটি ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরে বৈদিক রীতিতে ফের বিয়ে করলেন । সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হিরো চিহারা এবং শিজু ২৩শে নভেম্বর গোমতি নগরের রাধা-কৃষ্ণ মন্দিরে তাদের তিন সন্তান, পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
২০২৩ সালে পুনরায় মিলিত হওয়া এই দম্পতি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মুগ্ধতার কারণে তাদের বিয়ের স্থান হিসেবে ভারতকে বেছে নিয়েছিলেন । হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করার তাদের এই সিদ্ধান্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এই উপলক্ষে হিরো ও শিজু ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সজ্জিত হয়েছিলেন। বর কুর্তা-পাজামা এবং কনে সালোয়ার-কুর্তা বেছে নিয়েছিলেন। অনুষ্ঠানে বেশ কয়েকটি হিন্দু বিবাহের আচার -অনুষ্ঠান পালিত হয়, যার মধ্যে ছিল গাঁদা ফুলের মালা বিনিময়, সিঁদুর পরানো এবং পবিত্র অগ্নিকে প্রদক্ষিণ করা।বিয়ের ভিডিওতে দেখা যায়, বর-কনে একসঙ্গে বসে ফুলের মালা বিনিময় করছেন এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তাঁদের তিন সন্তানও উপস্থিত থাকায় অনুষ্ঠানটি একটি পারিবারিক উৎসবে পরিণত হয়েছিল।
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো চিহারা বলেন,’এত সুন্দর একটি বিয়ে করতে পারাটা আমাদের জন্য এক অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা ছিল ।’ তিনি জানান, ২০২২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও পরে তারা পুনরায় বিয়ে করার সিদ্ধান্ত নেন। চিহারা আরও বলেন,’আমরা ভারতকে ভালোবাসি… আমরা ভারতেই বিয়েটা করতে চেয়েছিলাম।’
প্রতিবেদন অনুসারে, ভারতীয় বন্ধুদের উৎসাহে ২০২৩ সালে হিরো ও শিজু পুনরায় মিলিত হন। পরে এই দম্পতি ২১শে নভেম্বর তাদের বন্ধু পঙ্কজ জোশীর বিয়েতে যোগ দিতে পরিবারের সাথে লখনউ যান।তাদের এই ভারত সফর শেষ পর্যন্ত তাদের নিজেদের সম্পর্ক উদযাপনের একটি সুযোগে পরিণত হয়। ভারতীয় বিবাহের ঐতিহ্যে মুগ্ধ হয়ে এই দম্পতি হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন।
পরবর্তীতে গোমতি নগরের রাধা-কৃষ্ণ মন্দিরে তাদের বিয়ের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তাদের পরিবার ও বন্ধুরা একত্রিত হয়েছিলেন এবং তারা বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেন।
এরপর থেকে এই বিয়েটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোযোগ আকর্ষণ করেছে এবং অনেকেই তাদের দ্বিতীয় বিয়েতে ভারতীয় ঐতিহ্যকে গ্রহণ করার এই দম্পতির সিদ্ধান্তের প্রশংসা করেছেন।।
