এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৯ আগস্ট : উগ্রপন্থী ইসলামি গোষ্ঠীগুলির কাছে গানবাজনা “হারাম” ! আর কনসার্টের আয়োজন করে “ইমাম-উলামা পরিষদ” নামে একটি উগ্র ইসলামি গোষ্ঠীর রোষানলে পড়তে হয়েছিল বাংলাদেশের কিশোরগঞ্জের “আলীশান রেস্টুরেন্ট” কর্তৃপক্ষকে । পরিস্থিতি এতটাই ঘোরালো করে তোলা হয়েছিল যে, প্রাণ বাঁচাতে কনসার্টটি বাতিল করে দিতে বাধ্য হয়েছে হোটেল কর্তৃপক্ষ । আজ বুধবার জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে কনসার্টে গান গাওয়ার কথা ছিল এ্যাশেজ ব্যান্ড ও নোবেলের।
গত ১৭ আগস্ট কনসার্ট আয়োজনের ঘোষণার পর ১৮ আগস্ট অনুষ্ঠান বন্ধের জন্য ইমাম-উলামা পরিষদ কিশারগঞ্জ সদর উপজেলা শাখার পক্ষ থেকে একটি আবেদন করা হয় জেলা প্রশাসকের কাছে । আবেদনটি করেন কিশারগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।অভিযোগে বলা হয়, কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শরীয়ত বিরোধী গান-বাজনার অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রকাশ্যে এই ধরনের অনুষ্ঠান “আল্লাহ তা’আলার আযাব” আসার কারণ। যদি এরকম প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তাহলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিযোগকারী কিশারগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ আজ বুধবার দুপুরে কনসার্টটি বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনের পর জেলা প্রশাসন আজ আমাদেরকে কনসার্টটি বন্ধ করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন। এ জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
আজ দুপুরে পুরাতন স্টেডিয়ামে সরেজমিনে গিয়ে দেখা যায়, কনসার্টের মঞ্চের মালপত্র গুছিয়ে ট্রাকে ভরে নিয়ে যাচ্ছে আয়োজকদের লোকজন।
কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান আলীশান রেস্টুরেন্টের মালিক মহম্মদ ইব্রাহীম খলিল বলেন, আমাদের রেস্টুরেন্টের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। আমাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়ে দেয় যে এই কনসার্ট করা যাবে না।
এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। এছাড়াও যে রেস্টুরেন্টের উদ্যোগে আয়োজন করা হয়েছিল সে প্রতিষ্টানের লাইসেন্সও নেই বলেও তিনি দাবি করেছেন ।।
