এইদিন বিনোদন ডেস্ক,১৯ আগস্ট : বলিউডের “বিগ বি” অভিনেতা অমিতাভ বচ্চন প্রায়ই তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রামের কথা বলেছেন। এবার তিনি নিজের উচ্চতার কারণে যে বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছিলেন, তা শেয়ার করেছেন।তিনি প্রকাশ করেছেন যে, ‘বেশি লম্বা’ হওয়ার কারণে তাঁকে একটি সিনেমার সেট থেকে চলে যেতে বলা হয়েছিল।
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি বিশেষ পর্বে বিগ বি ২০২৬ কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী লাভলিনা বরগোহাইন, ঝান্ডু কুমার, শর্মিলা ধনকর এবং অস্মিতা দে-র সঙ্গে আলাপচারিতা করেন। অস্মিতা অমিতাভকে জিজ্ঞাসা করেন, প্রশিক্ষণের সময় ভুল করলে ক্রীড়াবিদরা যেমন গালিগালাজ ও অপমানের শিকার হন, সিনেমার সেটেও তিনি তেমনটা হন কি না।
এর জবাবে বিগ বি তাঁর ক্যারিয়ারের শুরুতে যে সমালোচনা ও অপমানের মুখোমুখি হয়েছিলেন এবং কীভাবে তা শেষ পর্যন্ত তাঁকে একজন অভিনেতা হিসেবে আরও উন্নত হতে সাহায্য করেছিল, সে সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন,’শুরুতে আমাকে অনেক বকাঝকা শুনতে হতো। তারা বলত, ‘তুমি অভিনয় সম্পর্কে কিছুই জানো না এবং তুমি অনেক লম্বা। বাড়ি যাও।’
‘শোলে’-র এই অভিনেতা স্মরণ করলেন, কীভাবে কাজে যাওয়া শুরু করার পর পরিস্থিতি বদলে গিয়েছিল। অমিতাভ বলেন,’অবশেষে যখন আমি একটা কাজ পেলাম, তারা বলত, ‘ঠিক আছে, ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে সংলাপটা বলো।’ তখন তিনি আমাকে বকা দিতেন এবং শুধরে দিতেন, বলতেন, ‘এভাবেই কি সংলাপ বলতে হয়?’ আর ধীরে ধীরে আমি উন্নতি করতে লাগলাম ।’ তিনি শুরুর দিকের আরও একটি ঘটনার কথাও স্মরণ করেন, যখন শুটিংয়ে দেরি করে আসার জন্য তাঁকে তিরস্কার করা হয়েছিল।
বচ্চন বলেন,’সাধারণত, আমি সময়মতো শুটিংয়ে পৌঁছানোর চেষ্টা করি। একবার আমার দেরি হয়ে গিয়েছিল।পরিচালক সেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন। যেহেতু তখন আমার নিজের গাড়ি ছিল না, তাই আমি অন্য একজনের গাড়িতে করে এসেছিলাম। আমি যখন পৌঁছালাম, পরিচালক আমাকে দেখে বললেন যে শুটিংয়ে প্রচণ্ড ভিড়। তিনি আমাকে বললেন, ‘এখান থেকে চলে যাও ।’।
