FIFA World Cup 2026 : চলতি বিশ্বকাপে জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াই। ৬টি করে গোল দিয়ে সবার উপরে মেসি ও এমবাপে। কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে, এই লড়াইয়ে যোগ দিয়েছেন হ্যারি কেইন। আসরে তার গোল সংখ্যা এখন পাঁচ। অন্যদিকে আর্লিং হালান্ডেরও ৫ গোল। কে জিতবে গোল্ডেন বুট, সেই অনুমান করা যাচ্ছে না।
ফুটবলের ক্রেজি ফ্যান হিসেবে বিশ্বব্যাপী ইংলিশদের সুখ্যাতি। সেই ইংলিশরাই বাদ পড়তে বসেছিল ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর কাছে হেরে। জোড়া গোল করে থ্রি লায়ন্সকে বাঁচান হ্যারি কেইন। কেইনকে ঘিরে তাই গ্যালারি জুড়ে জয়ধ্বনি।
ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বলেন, ‘অসাধারণ অনুভূতি। খুব রোমাঞ্চকর একটি ম্যাচ হলো। প্রথমার্ধে কঙ্গোর কিপার অবিশ্বাস্য কিছু সেভ করেছে। আমাদের ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ছিল। গর্বিত হওয়ার মতো একটি দিন আমাদের। আমি সবাইকে বলেছি, জয়টা উপভোগ করো।’
জোড়া গোলে কেইন শুধু ইংল্যান্ডকে জেতাননি। নিজেও উঠে গেছেন সর্বোচ্চ গোলদাতার টপ চার্টে। ৬টি করে গোল দিয়ে মেসি ও এমবাপে যৌথভাবে চলতি আসরে সর্বোচ্চ স্কোরার। ৫ গোল দিয়ে এরপরই হ্যারি কেইনের অবস্থান। নরওয়েকে শেষ ষোলতে তোলা আর্লিং হালান্ডেরও আসরে ৫ গোল। ভিনিসিয়াস জুনিয়র ও উসমানে দেম্বেলেও আছেন রেইসে। এ দুজনের গোলসংখ্যা ৪টি।এবারের মতো গোল উৎসব এর আগে কোনো বিশ্বকাপে দেখা যায়নি। দ্রুততম ১০০ গোল, এমনকি দুশো গোলেরও রেকর্ড হয়ে গেছে।
নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন মেসি। ডেম্বেলেও হ্যাটট্রিক করেছেন নরওয়ের বিপক্ষে। একাধিক ম্যাচে জোড়া গোল আছে এমবাপে ও হ্যারি কেইনের। জোড়া গোল আছে হালান্ড, ভিনিসিয়াস ও রোনালদোরও।
একের পর এক গোলে রেকর্ডবুকের পাতা ওলট পালট হয়ে যাচ্ছে। এমবাপে, কেইন এরই মধ্যে নিজ দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন। ক্লোজার রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ স্কোরার এখন মেসি। চলতি বিশ্বকাপেই মেসির এ রেকর্ড আবার ভেঙে দেয়ার সম্ভাবনা এমবাপের।মহা তারকাদের গোল উৎসবের ভিড়ে, কে জিতবে এবারের গোল্ডেন বুট, তা এখন বিলিয়ন ডলার প্রশ্ন।।
