এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,১৮ মে : বউদির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দাদাকে গলা কেটে খুনের ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে । এই ঘটনায় ঘাতক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে,ধৃতের নাম আশিক গাজি । তার বাড়ি শংকরপুর গ্রামের বড় দুর্গা এলাকায় । আটক করা হয়েছে মৃত আলাউদ্দিন গাজীর স্ত্রী নাজিরা বিবি ও শ্বশুর ইশাহক গাজিকে ।
জানা গেছে,আলাউদ্দিন ও নাজিরা বিবি জামাকাপড়ের ব্যবসা করতেন । গত পরশু ব্যবসার কাজে বেরোন ওই দম্পতি । কিন্তু রাতে স্ত্রী বাড়ি ফিরে এলেও স্বামী না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে । পরে শংকরপুর গ্রামের বড় দুর্গা মাঠে আলাউদ্দিন গাজীর গলাকাটা দেহ পড়ে থাকতে দেখা যায় । এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ । পুলিশ প্রথমেই মৃতের খুড়তুতো ভাই আশিক গাজিকে আটক করে । জিজ্ঞাসাবাদে সে তার দাদাকে খুনের কথা কবুল করলে পুলিশ তাকে গ্রেফতার করে ।
পুলিশ জানতে পেরেছে,দীর্ঘদিন ধরেই আলাউদ্দিন গাজীর স্ত্রী নাজিরা বিবির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল খুড়তুতো ভাই আশিক গাজির । এনিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল । পুলিশ সূত্রে খবর, আলাউদ্দিন প্রায় দিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত । সেই সুযোগে বৌদি নাজিরা বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলে আশিক । কিন্তু এই অবৈধ সম্পর্কের কথা জানাজানি হলে আলাউদ্দিনকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে স্ত্রী ও খুড়তুতো ভাই ।
পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন আলাউদ্দিন নিজেই দেখা করার জন্য ভাই আশিককে ফোন করে মাঠে ডেকে আনে । তার আগেই একটা ধারালো ছুরি যোগাড় করে রেখেছিল আশিক । সেটি সে মাঠের মধ্যে কোথাও লুকিয়ে রাখে । আলাউদ্দিনের নেশার সামগ্রী তৈরি করার সময় শৌচকর্মের নাম করে সেই ছুড়ি নিয়ে আসে আশিক । তারপর চুপিচুপি ফিরে আসে এবং পিছন দিক থেকে এসে দাদার শ্বাসনালী কেটে দেয় । মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত গলাতে ছুরিটা চেপে ধরে রাখে সে । ছুরিতে আশিকের নিজের হাতও কেটে যায় ।
পরিবারের অভিযোগ,এই নৃশংস হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল আলাউদ্দিন গাজীর স্ত্রী, শ্বশুর ও শ্যালকরা । পুলিশ নাজিরা বিবি ও তার বাবা ইশাহক গাজিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।।
