পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১১ মে : ভোটের ফল প্রকাশের পর তৃণমূল থেকে বিজেপি বিজেপি বনে যাওয়া লোকজন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার একাধিক পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছিল বলে অভিযোগ । সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে বন্ধ করে দেওয়া এমনই কয়েকটি পঞ্চায়েতের তালা খুলে দিয়ে এলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার । আজ সোমবার বেলার দিকে নিজে উপস্থিত থেকে পূর্বস্থলী-১ ব্লকের নাদনঘাট, সমুদ্রগড় ও নশরতপুর পঞ্চায়েতের তালা খুলে দিয়ে আসেন তিনি ।বিজেপি বিধায়ক বলেন,’গত ৪ মে ভোটের ফল ঘোষণার দিন বেলা ১২ টার পর থেকে তৃণমূল থেকে হঠাৎ বিজেপি বনে যাওয়ার হিড়িক পড়ে যায় । তাদের মধ্যে হঠাৎ বিজেপি বনে যাওয়া তৃণমূলের কিছু দুষ্কৃতী ওই পঞ্চায়েতগুলিতে তালা ঝুলিয়ে দিয়েছিল । এতে সাধারণ মানুষের পরিষেবা পেতে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছিল । তাই সাধারণ মানুষের কথা ভেবে আজ পঞ্চায়েতগুলির তালা খুলে দিয়ে এলাম ।’
প্রসঙ্গত,২০২৬ এর বিধানসভার ভোটে পূর্বের শাসকদল তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয় । প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের বহু হেভিওয়েট প্রার্থীকে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয় । তার মধ্যে অন্যতম হলেন প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ৷ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা আসনে তাকে পরাজিত করেন বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার ।
নশরতপুরের বিজেপির বুথ সভাপতি তাপস সর্দারের কথায়,’গত ৪ তারিখে বেলা ১২ টার পর যারা বিজেপি হয়েছিল তারা উত্তেজিত হয়ে নশরতপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা লাগিয়ে দিয়েছিল। আজ আমরা আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে এসে তালা খুলে পঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হল৷ আজ থেকেই যেন জনগন পরিষেবা পায় তার জন্য তাদের কাছে আমরা অনুরোধ করেছি । আমরা রাজ্যবাসীকে সুন্দর পরিষেবা দিতে চাই ।’
এদিকে ভোটের ফল ঘোষণার পর এক সপ্তাহ ধরে পঞ্চায়েত মুখো হননি নশরতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান কানন বর্মন। তাকে বিজেপি বিধায়ক ফোন করে তালা খুলে দেওয়ার কথা বলে অফিসের কাজ শুরু করার আহ্বান জানান । এই আশ্বাস পেয়ে পঞ্চায়েত অফিস চলে আসেন প্রধান কানন বর্মন৷ তিনি বলেন,’বিধায়কের ফোন পেয়ে অফিসে এলাম । উনি পরিষেবা অব্যাহত রাখার আহ্বান জানান ।’ তিনি আরও বলেন,’বহু মানুষ পরিষেবা পাচ্ছিলেন না । তারা নিজেদের কাজে আমার বাড়িতে যাচ্ছিলেন । বিশেষ করে কেউ মারা গেলে মৃত্যুর শংসাপত্রের জন্য মৃতের পরিবারকে সমস্যায় পড়তে হচ্ছিল। এতদিন বন্ধ থাকার পর অবশেষে আজ পঞ্চায়েত অফিস খোলায় আমি খুশি৷’।

