এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার ভাতারে ভাতারে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক টোটো চালক । গুরুতর আহত হয়েছে টোটোয় থাকা আরও ৫ জন আরোহী । দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে ভাতার থানার বড়বেলুন গ্রামের কাছে । মৃত সুমন্ত শীটের (৪২) বাড়ি ভাতার থানার নাসিগ্রামে। আহতরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে খবর,এদিন বিকেলে ভাতার বাজার থেকে যাত্রী নিয়ে নাসিগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল টোটোটি । টোটোতে মোট ছয় জন যাত্রী ছিলেন। ভাতার-মালডাঙ্গা সড়কপথ ধরে যাওয়ার সময় টোটোটি বড়বেলুন গ্রামের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ফাঁকা ডাম্পার সজোরে টোটোয় ধাক্কা মারে । টোটোটি কার্যত দুমড়ে মুচড়ে যায় । যাত্রীরা গুরুতর আহত হয়ে রাস্তার উপর ছিটকে পড়ে । আশপাশের লোকজন প্রথমে উদ্ধার কাজে হাত লাগায় । পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ভাতার ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা টোটো চালককে মৃত বলে ঘোষণা করেন। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করেছে।
উল্লেখ্য,প্রতিদিন বিশাল বিশাল ডাম্পার ভাতারের উপর দিয়ে গিয়ে বীরভূম থেকে পাথর আনতে যায় । পাথর লোড করার পর ফের একই পথে ফিরে আসে ডাম্পারগুলি । কিন্তু এই ডাম্পারের জন্য ভাতার বাজারের নাসিগ্রাম মোড় ও কামারপাড়া মোড়ে প্রায়ই ব্যাপক যানজটের সৃষ্টি হয় বলে অভিযোগ । ভাতার এলাকার সঙ্কীর্ণ সড়ক পথগুলি দিয়ে কেন অত বড়বড় ডাম্পার যাতায়াতের অনুমতি দেওয়া হয়,এনিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ।।

