এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১৫ সেপ্টেম্বর : আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভার উপনির্বাচন ৷ দুই কেন্দ্রেরই আজ দলীয় প্রার্থী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে । অন্যদিকে রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী করা হয়েছে শাঁখারভ সরকারকে । আজ মঙ্গলবার নন্দীগ্রামের প্রার্থীর মনোনয়ন পত্র বিশাল শোভাযাত্রা করে জমা দেওয়া হয় । তার আগে হলদিয়ায় একটি জনসভায় শুভেন্দু অধিকারী মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন : ‘আপনারা সরকারের সাথে থাকবেন কি থাকবেন না ? নন্দীগ্রাম আর রেজিনগর হল আপনাদের কাছে পরীক্ষা ।’
শুভেন্দু অধিকারী বলেন,’যারা আমাকে ভোট দেন না, বিজেপিকেও দেন না,সংখ্যালঘুরা, এখানে অনেকে এসেছেন,আমার আপত্তি নেই । আমি নন্দীগ্রাম এবং রেজিনগরের সংখ্যালঘুদের একটা আবেদন করে শেষ করব । একটা সুযোগ এসেছে আপনাদের কাছে । আপনারা সরকারের সঙ্গে থাকবেন কি থাকবেন না ? সরকারের সঙ্গে যদি থাকতে চান, মুখ্যমন্ত্রী সঙ্গে যদি থাকতে চান, হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে চান কাজ নিতে চান, ৬ই অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে আপনাদের পরীক্ষা । আপনারা পরীক্ষায় পাশ করবেন নাকি ফেল করবেন সেটা আপনাদের উপর ছেড়ে দিয়ে গেলাম ।’ এরপর তিনি বলেন,’তবে নন্দীগ্রামে আমরা কি বিপুল পরিমাণ ভোটে জিতব সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না ।’
দিনকয়েক ধরেই রাজনৈতিক স্তরে নন্দীগ্রামে বিজেপির প্রার্থীর নাম নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। স্থানীয় স্তরের কয়েকজন হেভিওয়েটদের নাম সম্ভাব্য তালিকার শীর্ষে থাকলেও, শেষ পর্যন্ত নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথের মায়ের নাম আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । আর দলীয় প্রার্থীর সমর্থনে আজ সকাল এগারোটা নাগাদ হলদিয়ার কদমতলা মোড়ে এক বিশাল জনসভা করেন তিনি। তারপর কদমতলা এলাকা থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয় । প্রায় দু’কিলোমিটার দীর্ঘ এই পথ সুদৃশ্য মিছিলে হেঁটে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে সোজা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছন শুভেন্দু ।।

