এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ আগস্ট : স্বাধীনতা দিবসের দিন কলকাতার আশুতোষ কলেজের গেটে দলীয় পতাকা উত্তোলন করতে গিয়ে “ডিম থেরাপি” -এর মুখে পড়লেন ‘কালীঘাট তৃণমূলের’ উপাসনা চৌধুরী। ‘ডিমথেরাপি’-এর পর তৃণমূল নেত্রী বিজেপি ও এবিভিপির দিকে অভিযোগের আঙুল তুলে দাবি করেন পুলিশের উপস্থিতিতে বহিরাগতরা এসে এই কথিত হামলা চালিয়েছে৷
উপাসনা চৌধুরী ‘কালীঘাট তৃণমূল’-এর ছাত্র পরিষদের সভানেত্রী পদে রয়েছেন । আজ স্বাধীনতা দিবসের সকালে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে গিয়েছিলেন সহকর্মীদের সাথে৷ কিন্তু কলেজের কোনও পরিচয়পত্র না থাকায় তাঁদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা কলেজে অযথা জটলা করতে নিষেধ করেন। এনিয়ে উপাসনা ও সঙ্গীসাথীরা তর্কবিতর্ক জুড়ে দিলে উত্তেজনার সৃষ্টি হয় । পরে কলেজের গেটের সামনে দেশের জাতীয় পতাকা ও টিএমসিপির পতাকা উত্তোলন করছিলেন উপাসনা । সেই সময় একের পর এক ডিম আছড়ে এসে পড়ে তার শরীরে৷
পরে ফেসবুক লাইভে এসে ডিম হামলার জন্য বিজেপি ও এবিভিপির আঙুল তুলে ক্ষোভ উগরে দেন৷ যদিও বিজেপি ও এবিভিপির তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তৃণমূল নেত্রী গনরোষের শিকার৷।
