এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২০ জুন : বিদ্যুৎ অফিসের গাড়ি ও টোটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হলেন টোটো চালক । আহত হয়েছেন বিদ্যুৎ অফিসের গাড়ির এক যাত্রীও । দুর্ঘটনাটি ঘটে আজ শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রামের পাঠানপাড়ার কাছে কামারপাড়া সড়কপথে ।
জানা গেছে,এদিন সন্ধ্যায় আলিনগর মুখে যাচ্ছিল ভাতার বিদ্যুৎ অফিসের মেইনটেনেন্সের কাজের গাড়িটি । সেই সময় ভাতার বাজারের দিকে আসছিলো টোটোটি। ভাতার গ্রামের পাঠানপাড়ার কাছে আসতেই চারচাকা গাড়িটি সজোরে টোটোয় ধাক্কা দেয় । সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে টোটোটি কার্যত তালগোল পাকিয়ে যায় । এদিকে ওই চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিয়ে কাত হয়ে আটকে যায়। রক্তাক্ত অবস্থায় তালগোল পাকানো টোটোয় আটকে যান টোটোচালক। পথচলতি মানুষ তাঁকে উদ্ধার করেন। বিদ্যুত অফিসের গাড়িতে থাকা এক ব্যক্তি জখম হয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,বিদ্যুত অফিসের গাড়িটি বেপরোয়া গতিতে চালানোর কারনেই এই দুর্ঘটনাটি ঘটেছে ।।
