এইদিন ওয়েবডেস্ক,বেলগাঁও,২০ জুন : কর্ণাটকের বেলগাঁও জেলার হুক্কেরি তালুকের ঘোড়াগেরি গ্রামে দুই কোটি টাকার বীমার টাকার জন্য প্রেমিকের সঙ্গে মিলে প্রাক্তন সৈনিক স্বামীকে হত্যা করার অভিযোগে সুমা মঞ্জরগিসহ ৯ জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার প্রধান অভিযুক্ত সুমা মঞ্জরগি গ্রেপ্তার হওয়ায়, মেয়ের কর্মকাণ্ডে মর্মাহত হয়ে এবং নিজের মর্যাদাহানির ভয়ে মা শনিবার আত্মহত্যা করেছেন। প্রাক্তন সৈনিক সন্দীপ মঞ্জরগি হত্যা মামলার প্রধান অভিযুক্ত সুমা মঞ্জরগির মা মহাদেবী (৫৭) আজ বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
সুমা মঞ্জরগি প্রাক্তন সৈনিক স্বামী সন্দীপের বীমার ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে চালানোর পরিকল্পনা করেছিল। সন্দীপের এইচডিএফসি ব্যাংক এবং এসবিআই-তে বীমা পলিসি ছিল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বিশ্বাস করত যে তার দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তারা প্রায় ২ কোটি টাকার বীমা পাবে। এই মামলায় মৃতার স্ত্রী, তার প্রেমিক ও কয়েকজন সরকারি কর্মচারীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত ব্যক্তিরা হল মৃতের স্ত্রী সুমা সন্দীপ মানজারগি, সুমার প্রেমিক পুন্ডলিক ভিত্তাল ডোম্বার, আরএমপি-র ডাক্তার ডাঃ বাসবরাজ ভাসমে, বেলগাঁও কমিশনার অফিসের এফডিএ কর্মকর্তা অশোক গুজনাল, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ক্লার্ক আপ্পাসাহেব নায়েক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট চান্নাইয়া আদিবিসাওয়িমত, সিনিয়র সায়েন্টিফিক অফিসার পি.এন. নাগরাজ, পুন্ডলিকের সহযোগী শচীন সেলার এবং ফার্মেসির ছাত্র ও পুন্ডলিকের সহযোগী রাহুল যোগী।।
