রাহুল রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৩ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের পান্ডুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকা তেওট গ্রামের প্রধান সড়ক ও একাধিক অলিগলির রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা জুড়ে খানাখন্দে ভর্তি । অল্প বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে ওঠে রাস্তাটি । ফলে চলতি বর্ষার মরশুমে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন গ্রামবাসীরা।
স্থানীয়দের অভিযোগ,তৃণমূল কংগ্রেসের জমানায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের আওতায় প্রায় ১০ লক্ষ টাকার ব্যয়ে তেওট গ্রামের রাস্তা নির্মাণের জন্য বোর্ড লাগানো হয়েছিল। পরে রাস্তার আগাছা পরিষ্কার করা হলেও রাস্তা সংস্কারের কাজ আর শুরু হয়নি। কিছুদিন পর সেই বোর্ডও খুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে রাস্তা সংস্কারের আর কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ বাসিন্দাদের। ওই ১০ লক্ষ টাকা কোথায় গেল? এই প্রশ্ন উঠছে এখন ।
গ্রামবাসীদের দাবি, খারাপ রাস্তার কারণে প্রতিদিন স্কুল পড়ুয়া, বৃদ্ধ, অসুস্থ মানুষসহ সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে। অল্প বৃষ্টিতেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দ্রুত পাকা রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
তেওট গ্রামের বিজেপির বুথ সভাপতি ফাল্গুনী সাহা বলেন,’পাড়ায় সমাধান’ প্রকল্পে ১০ লক্ষ টাকার রাস্তার কাজের ঘোষণা হয়েছিল। বোর্ড লাগিয়ে আগাছা পরিষ্কার করা হলেও পরে বোর্ড খুলে নিয়ে যাওয়া হয়। রাস্তার কাজে কোনো পাথর বা নির্মাণসামগ্রীও আনা হয়নি। ফলে এলাকাবাসী চরম সমস্যার মধ্যে রয়েছেন। দ্রুত নতুন করে রাস্তার কাজ শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হবে।’ তার সন্দেই বরাদ্দ সমস্ত টাকাটাই তৃণমূল নেতাদের পকেটে চলে গেছে ।
এ বিষয়ে পান্ডুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষণ দাস জানান,’পাড়ায় সমাধান’ প্রকল্পে বোর্ড লাগানোর পর কেন কাজ শুরু না করেই বোর্ড খুলে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হবে। গ্রামের মানুষ যে সমস্যার মধ্যে রয়েছেন, তা আমরা স্বীকার করছি। বিষয়টি বিডিও অফিসে জানানো হবে এবং যত দ্রুত সম্ভব রাস্তার কাজের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।’
এখন তেওট গ্রামের বাসিন্দাদের একটাই প্রশ্ন—কবে শুরু হবে রাস্তার কাজ এবং কবে মিলবে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি?
