এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২০ জুন : এক বিজেপি কর্মীর উপর চড়াও হয়ে ব্যপক মারধোরের অভিযোগে গ্রেপ্তার হলেন বাঁকুড়ায় দাপুটে তৃনমূল নেতা রবিলোচন গোপ । গ্রেপ্তার করা হয়েছে তার দুই সঙ্গীকেও । শুক্রবার রাতে গ্রেপ্তারের পর আজ শনিবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পাঠানো হয়।
জানা গেছে,রবিলোচন গোপ মেজিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি৷ এলাকায় তার ব্যাপক দাপট ছিল । বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার মেজিয়া থানার তারাপুর গ্রামের বাসিন্দা শ্যামল গোপ নামে এক বিজেপি কর্মীর উপর দলবল নিয়ে চড়াও হয়ে তাকে ব্যপক মারধোরের অভিযোগ ওঠে রবিলোচন গোপের বিরুদ্ধে ৷ শুক্রবার আক্রান্তের বাড়িতে গিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরী। আক্রান্তের পরিবারের তরফে রবিলোচন গোপ সহসহ মোট ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযোগ পেতেই পেতেই রবিলোচনসহ মোট ৩ জনকে গ্রেফতার করে মেজিয়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার খুনের চেষ্টা, মারধর, গুরুতর আঘাত করা, ও দলবদ্ধ ভাবে আক্রমণের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।।
