এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৫ জুলাই : লাহোরে দুই বিদেশি নারীকে অপহরণ, গণধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে লাহোর পুলিশ যে চারজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দারের নাতি মহম্মদ রাজা দারও রয়েছে । বাকি ধৃতরা হল : হাসান রাজা, সিকান্দার খান ও সাজিদ আলী। শুক্রবার লাহোরের এক আদালত অভিযুক্তদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি এই মামলায় নাম থাকা আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী নারীদের একজন নেদারল্যান্ডসের নাগরিক এবং অন্যজন ভেনেজুয়েলার বাসিন্দা। জানা গেছে, সিঙ্গাপুরে ক্রিপ্টোকারেন্সির ব্যবসা শুরু করেন দু’জনে।সিঙ্গাপুরে থাকাকালীন রাজা দার (Raza Dar) নামের এক ব্যক্তির সাথে তাঁদের পরিচয় হয়েছিল। পরবর্তীতে পর্যটনের অছিলায় তাঁদের পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু সেখানে পৌঁছানোর পর ওই ব্যক্তি ও তার সাঙ্গপাঙ্গরা তাঁদের অপহরণ করে তাঁদের দু’জনকে তুলে নিয়ে একটি বাড়িতে চলে যায়। সেখানে তাঁদের আটকে রেখে দিনের পর দিন ধরে তাদের গণধর্ষণ করা হয়।
শুধু তাইই নয়,তাঁদের মুক্তির বিনিময়ে পরিবারের কাছে প্রায় ১৫ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয়। শেষে নির্যাতিতার স্পেন নিবাসী বাবা পাকিস্থানি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেছে।ভুক্তভোগী নারীদের দেওয়া বিবৃতির ভিত্তিতেই পুলিশের কাছে এসব অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
মনে করা হচ্ছে, পুরো ঘটনাই উপপ্রধানমন্ত্রী ইশাক দারের আত্মীয়ের মস্তিষ্কপ্রসূত। নিজের প্রভাব খাটিয়ে দুই মহিলার ভিসার ব্যবস্থাও করেছিল ওই মূল অভিযুক্তই। পাকিস্তান পুলিশ জানিয়েছে, এটা যেহেতু সংবেদনশীল মামলা, তাই তদন্তে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। সব দিক ভেবে দেখা হচ্ছে।।
