এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ জুলাই : পূর্ব বর্ধমান জেলার ভাতারে একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটেছে ভাতার থানার বড়বেলুন গ্রামে৷ এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতরা হল স্বপন মালিক, অভিরাম পোড়েল এবং এককড়ি সাঁতরা । তারা বড়বেলুন গ্রামের বাসিন্দা । তৃণমূলের অভিযোগ,ধৃতরা প্রত্যেকেই বিজেপির সঙ্গে যুক্ত ৷ যদিও ধৃতদের পরিবারের দাবি তাঁরাই একসময় তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের শিকার হয়েছিলেন। এখন তৃণমূলের লোকজন মিথ্যা মামলা করেছে। ধৃতদের এদিন বুধবার বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।
তৃণমূলের অভিযোগ, সোমবার রাত প্রায় সাড়ে এগারোটা ১০-১২ জনের একটি দিল এলাকায় ঘুরে ঘুরে বেছে বেছে তাদের ঘরবাড়িতে হামলা চালায় । দলটি বড়বেলুন অঞ্চল তৃণমূল সভাপতি মিলন ঘোষের দোকান সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর করে । তবে ফোন করে বিষয়টি ভাতার থানায় জানাতেই দ্রুত পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে । রাতেই ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ ।।
