এইদিন ওয়েবডেস্ক,মেঘালয়,১৭ নভেম্বর : মেঘালয়ে বাংলাদেশ সীমান্ত থেকে এক বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ । যদিও ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিজিবির হেফাজত থেকে ওই বিএসএফ জওয়ানকে উদ্ধার করা হয়েছে । তবে বাংলাদেশের এই দুঃসাহসের বদলা চাইছে দেশবাসী ।
আজ মঙ্গলবার ওই বিএসএফ জওয়ান ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভিতরে চলে গিয়েছিলেন । এজন্য সেখান থেকে ওই বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ঘটনাকে কেন্দ্র করে মেঘালয়ের ডাউকি সীমান্ত সংলগ্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি মেঘালয়ের ডাউকি সংলগ্ন বিছানাকান্দি সীমান্ত এলাকায় ঘটে। বিজিবির দাবি, বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট এলাকায় আন্তর্জাতিক সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেছিলেন ওই বিএসএফ জওয়ান।
ঘটনার পর বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়। পরবর্তীতে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে জওয়ানকে ভারতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।সর্বশেষ খবর অনুযায়ী, বিজিবির হেফাজত থেকে ওই বিএসএফ জওয়ানকে নিরাপদে ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সীমান্ত অতিক্রমকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ও চাঞ্চল্য তৈরি হলেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে ঘটনার নিষ্পত্তি হয়েছে। তবে বাংলাদেশের এই এই দুঃসাহসের জন্য তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গোটা দেশে ।।
