এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ নভেম্বর : দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের একটি জলখাবার ও চায়ের দোকানে । দোকানের লোহার গেটের তালা ভেঙে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । নগদ টাকা, চা তৈরির ইনডাকশন এবং দামি সিগারেটের প্যাকেট মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে অভিযোগ দোকান মালিকদের ।
জানা গেছে,ভাতার বাজারের বাইশ বিঘা এলাকায় রয়েছে ওই দোকানটি । দোকানটি অরিজিৎ গুপ্ত এবং সুপ্রিয় সরকার নামে দুই বন্ধু যৌথভাবে চালান । অন্যান্য দিনের মত সোমবার রাত ন’টার পর দোকান এবং লোহার গেটে তালা লাগিয়ে তারা বাড়ি চলে যান । আজ মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি তাদের নজরে পড়ে । অরিজিৎ জানান, দোকানের দুটি ঘরের লোহার গেটের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে নগদ প্রায় ১৩ হাজার টাকা,চা তৈরির ইনডাকশনের পাশাপাশি প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের দামি সিগারেটের বিভিন্ন প্যাকেট চুরি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি ।
এনিয়ে দোকান মালিকের পক্ষ থেকে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই দুঃসাহসিক ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা৷ বাজারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।

