শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৭ নভেম্বর : রাতের অন্ধকারে বাগানের একাধিক গাছ চুরির অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের কুলজোড়া গ্রামে । বাগান মালিক অভিষেক রায়ের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সোমেশ্বর দাস । তার বাড়ি মন্তেশ্বর থানার কুলজোড়া গ্রামে । সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে আজ মঙ্গলবার ধৃতকে কালনা মহাকুমা আদালতে পেশ করে পুলিশ ।
কুলজোড়া গ্রামের বাসিন্দা অভিষেক রায়ের অভিযোগ, তাঁর পৈতৃক সম্পত্তিতে থাকা বাগানে বিভিন্ন প্রজাতির ফলের গাছসহ শাল, সেগুন, মেহগনি প্রভৃতি অনেক গাছ লাগিয়েছিলেন। তার মধ্যে বেশ কয়েকটি গাছ সোমবার রাতের অন্ধকারে কেটে ফেলা হয় । পাশাপাশি কিছু ছোট চারা গাছও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি জানান, ঋণ নিয়ে এবং প্রচুর অর্থ ব্যয় করে দীর্ঘদিন ধরে যত্ন সহকারে গাছগুলি বড় করেছিলেন তিনি। কিন্তু একরাতে সব নষ্ট করে দেওয়া হয়েছে । এতে তার অনেক টাকার ক্ষতির মুখে পড়তে হল বলে তিনি জানান ।
আজ অভিষেক রায় এনিয়ে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । যদিও অভিযোগপত্রে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি । অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নামে মন্তেশ্বর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে কয়েক ঘণ্টার মধ্যেই সোমেশ্বর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কি উদ্দেশ্যে সে এই কাজ করেছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।
