এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,২২ নভেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় হিন্দু পরিচয় দিয়ে সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি মুসলিম পরিবারের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন । আজ রবিবার দুপুরে হিলি থানার পুলিশ ও প্রশাসন পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টার অভিযানে সরকারি জমি দখলমুক্ত করা হয়। অভিযান চলাকালীন কৌতূহলী জনতার ভিড় সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৩ তারিখ রাতে ত্রিমোহিনীর পাওয়ার হাউস এলাকায় কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে অশান্তির ঘটনার তদন্তে নেমে ওই বাংলাদেশি পরিবারের রহস্য উন্মোচন করে পুলিশ । জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে,পরিবারটি আদপে বাংলাদেশি এবং মুসলিম সম্প্রদায়ের । তৃণমূল কংগ্রেসের জমানায় হিলিতে আন্তর্জাতিক জল সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে । পুলিশের জেরায় ও উদ্ধার হওয়া নথি থেকে জানা গেছে, এলাকায় তারা হিন্দু পদবী ‘দাস’ গ্রহণ করে ভোটার কার্ড, আধার কার্ড সহ যাবতীয় ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ফেলে । পরিবারের কর্তা ‘সৌরভ দাস’-এর আসল নাম সোহেল রানা এবং তার ছেলে ‘আকাশ দাস’-এর আসল নাম নাজমুল হক ওরফে আসিফ । সোহেলের স্ত্রী সাহানারা বিবি হয়ে যায় পিংকি দাস । ওই বাংলাদেশি দম্পতির আরও দুই ছেলেমেয়েদের নামকরণ করা হয় রাহুল দাস ও টুসি দাস ।
পরিবারটি প্রায় ৭ বছর আগে বাংলাদেশের মহাস্থানগড় এলাকা থেকে উজাল সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল । তারা ধর্ম ও নাম গোপন করে হিন্দু পরিচয়ে ত্রিমোহিনীর একটি সরকারি জমিতে বসবাস শুরু করে এবং ভুয়া ভারতীয় নথি তৈরি করে । যদিও SIR এ এদের নাম বাদ যায় । তাতেও তারা না দমে গিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে সিএএ-তে আবেদন পর্যন্ত করেছিল। পরিবারটিকে বর্তমানে রামপুর ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে । আজ দুপুরে বুলডোজার চালিয়ে সরকারি জমির ওপর নির্মিত তাদের টিনের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ।।
