এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২২ নভেম্বর : পাকিস্তান যেভাবে বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন দমাতে নরসংহার চালাচ্ছে, ঠিক একই কায়দায় প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন দমন করতে গোপালগঞ্জে নরসংহার চালানোর ষড়যন্ত্র করেছে বাংলাদেশের তারেক রহমান সরকার । বাংলাদেশের সংবাদমাধ্যমে বলা হয়েছে যে,আজ রবিবার (২২ নভেম্বর) গভীর রাত থেকে ২৮ নভেম্বরের মধ্যে গোপালগঞ্জে একটি বড় ধরনের অভিযান বা হত্যাযজ্ঞ চালানো হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে একটি বার্তা ছড়িয়ে পড়েছে। ওই বার্তায় দাবি করা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নির্দেশে এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হতে পারে।
প্রচারিত ওই তথ্যে আরও অভিযোগ করা হয়েছে, আগামী এক থেকে দুই মাসের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পদে একমাত্র শূন্য আসনে পদোন্নতি পাওয়ার লক্ষ্যে তারেক রহমানকে খুশি করতেই বিজিবি মহাপরিচালক এই অভিযানের নির্দেশ দিয়েছেন। তবে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার পুলিশ সদস্যরা এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযানে যুক্ত হতে রাজি হননি বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।
বার্তায় দাবি করা হয়, এই অভিযানের পেছনে জামাত ইসলামি ও বিএনপির অস্ত্রধারী জঙ্গির দল থাকতে পারে, যাদের প্রধান লক্ষ্য টুঙ্গিপাড়ায় আক্রমণ চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল গুঁড়িয়ে দেওয়া। এই পরিস্থিতি মোকাবিলায় আজ ২২ নভেম্বর বিকেল থেকে জেলার সকল উপজেলা মিলিয়ে অন্তত এক লাখ মানুষকে গোপালগঞ্জ সদরে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়েছে। সদর পর্যন্ত পৌঁছানোর আগেই তাদের প্রতিরোধ না করা গেলে পরবর্তীতে ঠেকানো কঠিন হয়ে পড়বে বলে ওই বার্তায় সতর্ক করা হয়।
এছাড়া, অবিলম্বে গোপালগঞ্জ সদরে সমাবেশের আয়োজন করে কয়েক ঘণ্টার আলটিমেটাম দিয়ে বিজিবি প্রত্যাহারের দাবি জানানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে টুঙ্গিপাড়া কেন্দ্রিক ষড়যন্ত্র নস্যাৎ করতে জেলার সার্কিট হাউসসহ সকল সরকারি গেস্ট হাউস অতিথি শূন্য করার আহ্বান জানানো হয়েছে; কারণ বিভিন্ন সংস্থার লোকজন সেখানে অবস্থান করছেন বলে ওই বার্তায় দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ছড়িয়ে পড়া এই বার্তা ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।।
