এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,২২ নভেম্বর : ফের মহারাষ্ট্র থেকে যৌন হয়রানির একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । সিবিআই এবং সম্ভাজিনগর পুলিশের একটি যৌথ অভিযানে সংযুক্ত আরব আমিরাত থেকে এক মুসলিম ব্যক্তিকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে। কাজিওয়াড়ার বাসিন্দা মহম্মদ মাজিন মোহাম্মদ আবদুল রশিদ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৪ জন হিন্দু তরুণীকে প্রলুব্ধ করে তাদের যৌন ও আর্থিকভাবে শোষণ করেছিল। শুক্রবার রাতে তাকে শহরে আনা হয় এবং শনিবার, ২১ নভেম্বর আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, মাজিন নারীদের অশ্লীল গোপন ভিডিও তৈরি করে দুবাই পালিয়ে যায়। প্রাথমিক তদন্ত অনুযায়ী, মাজিন নির্দিষ্ট সময় পর পর কর্মস্থল পরিবর্তন করত, হিন্দু নারী সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব করত, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের হোটেলে নিয়ে গিয়ে শোষণ করত। সে চিকিৎসার কথা বলে অর্থ আদায় করত এবং নারীরা বিয়ের জন্য চাপ দিলে গোপন ভিডিওগুলো ভাইরাল করে দেওয়ার হুমকি দিত।
গত বছরের পয়লা ডিসেম্বর ২৮ বছর বয়সী এক নারী সিটি চক থানায় অভিযোগ দায়ের করার পর মহম্মদ মাজিনের কুকর্ম প্রকাশ্যে আসে। তিনি জানান যে, ২০২০ সালের জুন মাসে মাজিন তাকে বিয়ের প্রস্তাব দেয়, তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং পরে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ২০২২ সালে তিনি জানতে পারেন যে মাজিন আগে থেকেই বিবাহিত। এরপর তাকে মারধর করা হয় এবং তাদের অন্তরঙ্গ ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মামলার খবর পেয়ে মাজিন প্রায় এক মাস আগেই দুবাই পালিয়ে গিয়েছিল।
সিবিআই জানিয়েছে যে মাজিন সারাদেশে অন্তত ১৪ জন নারীকে যৌন শোষণ করেছে। ছত্রপতি সম্ভাজিনগর পুলিশও এখন পর্যন্ত স্থানীয় নারীদের কাছ থেকে চারটি পৃথক অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছে। পুলিশ সন্দেহ করছে যে আরও অনেক নারীকে লালসার শিকার বানানো হয়ে থাকতে পারে এবং অতিরিক্ত ভুক্তভোগীদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।
পুলিশের মতে, মাজিন তরুণী হিন্দু নারীদের ফাঁদে ফেলার জন্য ঔরঙ্গপুরার দুটি হোটেল বেছে নিয়েছিল। সে একটি ক্যাফের অছিলায় তাদের সরাসরি সেখানে নিয়ে যেত, যেখানে পরিচয়পত্র ছাড়াই প্রবেশের অনুমতি ছিল। তার বারবার যাতায়াত থেকে জানা যায় যে হোটেলগুলিতে তার একটি ক্রেডিট অ্যাকাউন্ট ছিল, যা এখন পুলিশের নজরে রয়েছে।পুলিশ কমিশনার প্রবীণ পাওয়ারের নির্দেশে, সহকারী কমিশনার সাগর দেশমুখ, সহকারী পরিদর্শক মনোজ শিন্ডে এবং কনস্টেবল অমল সোনটাক্কে ও সুরেশ বোডখেকে নিয়ে গঠিত একটি দল ছয় মাস ধরে মামলাটির তদন্ত করে এবং মাজিনকে কোচি হয়ে আনা হয় ।।
