এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ মে : প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের সময়টা এখন মোটেই ভালো যাচ্ছে না । একদিকে যখন ভোট পরবর্তী হিংসার পুরনো মামলা এবং দুর্নীতির অভিযোগে একের পর থেকে তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে রাজ্য জুড়ে, পাশাপাশি অন্যদিকে গনরোষের মুখোমুখি হতে হচ্ছে তৃণমূলের তাবড় নেতাদের৷ গতকাল খোদ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জিকে সোনারপুরে চুড়ান্ত হেনস্থা করা হয় । তার জের মিটতে না মিটতেই আজ রবিবার গনরোষের মুখোমুখি হতে হয় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে । এই পরিস্থিতির মাঝেই এবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকা পরিষদীয় দলের বৈঠক বাতিল করতে হল সিংহভাগ দলীয় বিধায়ক উপস্থিত না হওয়ার কারনে । জানা গেছে,তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে এদিন মাত্র ২০ জন বিধায়ক মমতার বাড়িতে উপস্থিত হয়েছিলেন ।
আজ রবিবার এই বৈঠকের ডাক দিয়েছিলেন তৃণমূল পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু উপস্থিত হন প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি, কামারহাটির বিধায়ক মদন মিত্র, পলাশিপাড়ার রুকবানুর রহমান, বজবজের অশোক দেব, পাঁচলার গুলশন মল্লিক, মালতীপুরের আব্দুল রহিম বক্সী এবং কুমারগঞ্জের তোরাফ হোসেন মণ্ডল সহ ২০ জন তৃণমূল বিধায়ক । অনুপস্থিত ছিলেন ৬০ জন বিধায়ক । তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল : এন্টালির বিধায়ক সন্দীপন সাহা,কসবার বিধায়ক জাভেদ খান,মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা প্রমুখ । দুই তৃতীয়াংশ বিধায়ক উপস্থিত না হওয়ায় ‘কোরাম’ হয়নি এবং বৈঠকটি বাতিল করে দেওয়া হয় । ফলে বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব ।।

