এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ মে : প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এতটুকু তেজ কমেনি মমতা ব্যানার্জির ৷ সোনারপুরে গনরোষের শিকার হওয়ার পর ভাইপো অভিষেক ব্যানার্জিকে প্রথমে অ্যাপোলো এবং পরে বেল ভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু তার আঘাত তেমন কিছু না হওয়ায় দুটি হাসপাতাল থেকেই ছেড়ে দেওয়া হয় । আর এই অপরাধে বেল ভিউ হাসপাতালের সিইও-কে ধমক দেওয়ার অভিযোগ উঠল মমতার বিরুদ্ধে ।
শনিবার রাতে বেল ভিউ হাসপাতালের ভিতরের এক ভিডিয়ো এক্স-এ শেয়ার করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ । তিনি লিখেছেন,’শুনুন, মমতা ব্যানার্জী কীভাবে বেল ভিউ হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডনকে হুমকি দিচ্ছিলেন। শুধু এই কারণে যে, তাঁরা ভাইপোর ভুয়া আঘাত নিয়ে কথা বলতে অস্বীকার করেছিলেন?’
তবে সেই ভিডিয়োয় মমতাকে দেখা না গেলেও তার গলার স্বর স্পষ্ট শোনা যায়। ভিডিওতে মমতাকে ইংরাজিতে বলতে শোনা যায়,’দুঃখিত মিস্টার ট্যান্ডন, আপনি খুব ভুল কাজ করেছেন। মনে রাখবেন আমরা আপনার জন্য অতীতে কী কী করেছি। ভগবানও আপনাকে ক্ষমা করবেন না। আপনি একটা মস্ত বড় ভুল করেছেন এবং এর জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। আপনার এই অহংকার সবাই মনে রাখবে।’ এরপর তিনি হুমকি দিয়ে বলেন,’কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আছে বলেই আপনি হাসপাতাল চালাচ্ছেন আর ডাক্তারদের ভয় দেখাচ্ছেন? কালকে যখন এই কেন্দ্র সরকার থাকবে না, তখন আমরা ব্যাপারটা দেখে নেব।’ ইতিমধ্যে স্ট্রেচারে শোয়ানো অবস্থায় অভিষেককে বাইরে নিয়ে যাওয়া হলে পিসি মমতাও হন্তদন্ত হয়ে বেরিয়ে যান।।
