এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ মে : পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৩৫ জন নতুন মন্ত্রী অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছেন। এই সমস্ত মন্ত্রীরা সোমবার (১ জুন, ২০২৬) শপথ গ্রহণ করবেন । এই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী এক্স-এ লিখেছেন,’আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে। মন্ত্রীসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর. এন. রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।’ তবে,এখনও আনুষ্ঠানিকভাবে সকল মন্ত্রীর দপ্তর ঘোষণা করা হয়নি ।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ৪ মে, ২০২৬ তারিখে ঘোষণা করা হয়েছিল, যেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করে। এরপরে, ৯ মে, ২০২৬ তারিখে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁর সঙ্গে মাত্র পাঁচজন ক্যাবিনেট মন্ত্রীও শপথ গ্রহণ করেন। এখন, ১ জুন ৩৫ জন নতুন মন্ত্রীর শপথগ্রহণের পর শুভেন্দু সরকারের মন্ত্রিসভা পূর্ণ হবে।।
