এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ জুলাই : যত দিন যাচ্ছে আরজি করের ‘অভয়া’র গনধর্ষণ-খুন মামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে । এর আগে ‘অভয়া’র মা ও বিজেপি বিধায়ক রত্না দেবনাথ ক্রাইম সিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো আবেশ ব্যানার্জির উপস্থিত থাকার অভিযোগ তুলে তোলপাড় ফেলে দিয়েছিলেন । এবার এক ফরেন্সিক আধিকারিক সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধেই প্রমান লোপাটের অভিযোগ তুলেছেন । তার দাবি যে মমতা ব্যানার্জির নির্দেশেই রাজ্য ফরেনসিক ল্যাবে পাঠানো ‘অভয়া’র ভিসেরা নমুনা নষ্ট করে দেয় তিন অনুগত চিকিৎসক ।
চিঠিতে দাবি করা হয়েছে, অভয়ার শরীর থেকে নেওয়া ভিসেরা নমুনা বদলে ফেলা হয়। তরুণী চিকিৎসকের শরীরে কোনও বিষক্রিয়া হয়েছে কিনা, তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে নিস্তেজ করা হয়েছিল কিনা তা জানতে লিভার, কিডনি এবং পাকস্থলীর নমুনা সংগ্রহ করা হয়। তবে রাজ্য ফরেন্সিক ল্যাবে নাকি সেই নমুনা সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয় । রাজ্য ফরেন্সিক বিভাগে তিন আধিকারিক এই নমুনা বদলের কাজ করেছিল । আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ হয়। ওই ‘নষ্ট’ হওয়া নমুনাই নাকি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ওই অভিযুক্ত তিন আধিকারিক অতীতেও রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি ও সিপিএম কর্মীদের ভিসেরা নষ্ট করার সঙ্গে যুক্ত ছিলেন। এই চিঠিটি পাওয়ার পরই নড়েচড়ে বসেছে ‘অভয়া’র মা-বাবা । তারা এই চিঠি শিয়ালদহ আদালতের বিচারকের কাছে জমা দিতে চলেছেন বলে খবর৷
গত ২০২৪ সালের ৮ আগস্ট, আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ‘অভয়া’ নাইট শিফট করতে যান। পরের দিন সকালে হাসপাতালের সেমিনার হলে পড়ে থাকা ‘অভয়া’র রক্তাক্ত নগ্ন বিকৃত দেহের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে আঁতকে ওঠে রাজ্যবাসী । দেহ উদ্ধারের পর একদিকে ক্রাইম সিনের প্রমান লোপাট, পাশাপাশি অত্যন্ত দ্রুততার সঙ্গে মৃতদেহ দাহ করার অভিযোগ ওঠে । এই মামলায় সবচেয়ে সন্দেহভাজন হল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । প্রবল গনবিক্ষোভ সত্ত্বেও মমতা ব্যানার্জি তাকে বরখাস্ত না করে অন্য কলেজে পোস্টিং দেন । যদিও সেখানেও বিক্ষোভের মুখে পড়ে কাজে যোগ দিতে পারেনি সন্দীপ । প্রমান লোপাটে আর এক সন্দেহভাজন তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সম্প্রতি সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তবে আরজি কর কান্ডে মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠলেও এই প্রথম তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ তুললেন কেউ । এই অভিযোগ যদি সত্যি হয়, তবে ‘অভয়া’র ন্যায়বিচার পাওয়ার পথটি আরও সংকীর্ণ হয়ে পড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে পরিবার ।।
