এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৫ সেপ্টেম্বর : ইসলাম ও ইসলামের ‘নবি’ হজরত মুহাম্মদকে নিয়ে ফেসবুকে কথিত অবমাননাকর মন্তব্য করার দায়ে শ্রীলঙ্কান তামিল অভিবাসী শ্রমিককে মৃত্যুদণ্ড দিল সৌদি আরব । হতভাগ্য যুবকের নাম শিবরাসা আনোজান। যদিও তিনি মন্তব্যটি করার কয়েক মিনিটের মধ্যেই তা মুছে ফেলেছিলেন এবং পরবর্তীতে ক্ষমাও চেয়েছিলেন। শুরুতে তাঁকে ৫ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছিল, তবে আপিলের পর সেই রায় পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ তাঁকে বাঁচানোর জন্য আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এক্ষেত্রে তারা অসহায় পরিস্থিতির মুখে পড়েছে।
প্রসঙ্গত, ইসলামিক কট্টরপন্থীরা অন্য ধর্ম সম্পর্কে আকছার অবমাননাকর মন্তব্য ও আচরণ করলেও দেশগুলির দুর্বল আইনের কারনে রেহাই পেয়ে যায় । সম্প্রতি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শ্মশানে গোমাংসের পিকনিক করে জিহাদিদের দল । শুধু তাইই নয়,শ্মশানের চুল্লি ও সমাধিবেদীর উপর জুতো পরে দাঁড়িয়ে ছবিও তোলে । উলটে হুমকি দিয়ে হিন্দুদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে । অথচ ওই কট্টরপন্থীদের নবিকে নিয়ে মন্তব্য করলে তারাই আবার ‘সর তন সে জুদা’-এর মত শ্লোগান দেয় । পাকিস্তান ও বাংলাদেশে আকছার এই ধরনের ঘটনাকে ধর্ম অবমাননার দোহাই দিয়ে সংখ্যালঘুদের নির্মমভাবে হত্যা করা হয় । দিন কয়েক আগেই বাংলাদেশে কট্টরপন্থীদের এমনই হিংসার শিকার হতে হয়েছে এক হতভাগ্য হিন্দু যুবক ।
শুধু তাইই নয়, ভারতের মত দেশেও শাসকদল বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মা ইসলামি ধর্ম পুস্তকে বর্নিত তাদের নবীর বৈবাহিক জীবন সম্পর্কে উদ্ধৃতি দেওয়ায় প্রাণ বাঁচাতে তাকে দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছিল । নুপুর শর্মাকে সমর্থন করার অপরাধে নৃশংসভাবে গলাকেটে খুন করা হয়েছিল রাজস্থানের উদয়পুরে দর্জি কানহাইয়া লালকে । দুই ঘাতক সন্ত্রাসী মোহাম্মদ রিয়াজ আনসারি ও গাউস মোহাম্মদ বর্তমানে জেলে আছে । এরপর একই কারনে এবং একইভাবে খুন হন মহারাষ্ট্রের অমরাবতীর কেমিস্ট উমেশ কোলহে।।

