এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ মে : আরজি করের তরুনী চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ বা গনধর্ষণের ঘটনায় তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল । তার বিরুদ্ধে তৎকালীন শাসকদলের স্বার্থে এই মামলাকে অন্যখাতে পরিচালিত করার অভিযোগ ওঠে৷ রাজ্যের শাসনক্ষমতায় বসতেই মুখ্যমন্ত্রী ও গৃহমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মামলায় এবার কঠোর পদক্ষেপ নিলেন ৷ আজ শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি আরজি কর ধর্ষণ-খুন মামলা ফের খোলার কথা ঘোষণা করেন এবং স্বচ্ছ তদন্তের স্বার্থে বিনীত গোয়েল ছাড়াও আরও দুই পুলিশ কর্তা ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তাকে তিনি সাসপেন্ড করেছেন ।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আর জি করের ঘটনার ভয়াবহতায় শুধু এ রাজ্য নয়, বিশ্ব কেঁপে গিয়েছিল। ঘটনায় ২ পুলিশ অফিসার মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল। আর জি কর তদন্তে পুলিশি গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফোন কল, রেকর্ড, হোয়াটস অ্যাপ চ্যাট, কল – সব খতিয়ে দেখা হবে।’ তিনি বলেন,স্বচ্ছ তদন্তের স্বার্থে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল ।’ এই তিন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রাজ্য সরকার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করবে বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘সেই সময় সিনিয়র পুলিশ অফিসার যারা ছিলেন, কলকাতা পুলিশের সিপি এবং অন্যান্যরা তাঁদের সেই সময়ের কাজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ২ কলকাতা পুলিশের ডিসি তরফে মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল। কাদের তরফে টাকা দিতে গিয়েছিল সেই বিষয়ে বিভাগীয় তদন্ত হবে। ফোন কল, রেকর্ড, হোয়াটস অ্যাপ চ্যাট, কল – সব খতিয়ে দেখা হবে। তৎকালীন কোনও মন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কি না-সেটাও খতিয়ে দেখতে হবে ।’এদিন তিনি এও বলেন যে, আরজি কর নিয়ে ক্যাবিনেটে আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হবে।।
