প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ নভেম্বর : দাগি আসামিকে ধরতে গিয়ে বীরভূম জেলার বোলপুরের লায়কেবাজারে গুলিবিদ্ধ হন পুলিশকর্মী বিশ্বজিৎ দাস ৷ দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালালে একট গুলি তার হাঁটুতে এসে লাগে । বোলপুর মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছিল । কিন্তু শারিরীক অবস্থার অবনতি হলে রাতেই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় । এদিকে গুলি চালিয়েই চম্পট দেয় অভিযুক্ত রতন শেখ । আজ শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন পুলিশ কর্মীর স্বাস্থ্যের খোঁজ নিতে বর্ধমান হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পরে তিনি সাংবাদমাধ্যমের মুখোমুখি হলে সাংবাদিকরা “সকালে জমা, বিকেলে খরচ”-এর কথা তাঁকে স্মরণ করিয়ে দিলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সংবিধানের শপথ নিয়েছি৷ তাই বলতে পারি বিএনএস অনুযায়ী আসামির শাস্তি হবে । তবে আমি পুলিশের হাত উন্মুক্ত করে রেখেছি । পুলিশকে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ছাড় দেওয়া আছে ।’ পুলিশের বন্দুক পকেটে ভরে রাখার জন্য দেওয়া হয়নি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ।
জানা গেছে,শুক্রবার সন্ধ্যায় বীরভূমের নানুর থানার সাঁতরা গ্রামের বাসিন্দা রতন শেখকে পুলিশ ধরতে গেলে গুলি চালানোর ঘটনাটি ঘটে । তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে মামলা চলছে । বারবার সাঁতরা গ্রামে গিয়েও তার কোনো হদিশ করতে পারছিল না পুলিশ । অবশেষে শুক্রবার সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে যে, বোলপুর- নানুর সড়কে শান্তিনিকেতনের লায়েক বাজারের ভাঙা মিলের পাশে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে ওই দুষ্কৃতী । খবর পেয়ে বোলপুরের শান্তিনিকেতনের প্রান্তিক ফাঁড়ির দুই পুলিশকর্মী মোটরসাইকেলে চড়ে তাকে ধরতে যায় । সেই সময় ওই দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় । একটি গুলি কনস্টেবল বিশ্বজিৎ দাসের হাঁটুতে এসে লাগে ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন ,’রতন শেখ নামে যে এই ঘটনা ঘটিয়েছে সে একজন নটোরিয়াস ক্রিমিনাল। তার বিরুদ্ধে ৩৬টা ক্রিমিনাল কেস রয়েছে। তার খোঁজ চলছে ।পুলিশ তাকে ধরবেই । ভারতীয় ন্যায় সঙ্গীতা অনুযায়ী রতন শেখের শাস্তির ব্যবস্থা হবে ।’ তবে কি শাস্তির ব্যবস্থা হবে তা সাংবাদিকদের জানাবেন না বলে মুখ্যমন্ত্রীর এদিন বলেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী এও জানান মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক এদিন তিনি জখম পুলিশ কনস্টেবল এর হাতে তুলে দিয়েছেন। তিনি আহত পুলিশকর্মীকে “অত্যন্ত সাহসী ছেলে” বলেও তার প্রশংসা করেন ।
মুখ্যমন্ত্রী বর্ধমান আসার আগে এদিন বিকেলে বর্ধমান মেডিকেলে গিয়ে আহত কনস্টেবলের সঙ্গে দেখা করেন ডিআইজি (বর্ধমান রেঞ্জ) শ্রীহরি পাণ্ডে। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, কনস্টেবল বিশ্বজিৎ দাস বর্তমানে স্থিতিশীল রয়েছেন।ডিআইজি শ্রীহরি পাণ্ডে বলেন,ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন বিশ্বজিৎ এখন ঠিক কণ্ডিশনেই আছেন। খুব একটা চিন্তাজনক ব্যাপার নেই, তিনি খুব শীঘ্রই সেরে উঠবেন।তবে অভিযুক্তের কাছে বন্দুক এল কী করে এবং পুরো ঘটনাটির নেপথ্যে কী রয়েছে, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ প্রশাসন। ডিআইজি জানান, পুরো বিষয়টি তদন্তসাপেক্ষ। অপরাধের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই অভিযুক্তকে পাকড়াও করা হবে।।
