এইদিন স্পোর্টস নিউজ,১৪ নভেম্বর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত । শেষে ব্যাট করতে নেমে ভারতের অষ্টম উইকেটের পতনের পর প্রয়োজন ছিল ৫১ বলে ৮৬ রান। পাকিস্তান নিজেদের জয়ের বিষয়ে তখন চরম আশাবাদী । কিন্তু এরপর যা হলো, তা হয়তো কেউ কল্পনাও করেনি। ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী ইনিংস খেললেন মোহিত উল্ভা। শেষ বলে চার মেরে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন ১৮ বছর বয়সি এই ক্রিকেটার।পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করল ভারত।
আজ শনিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে উসমান খানের সেঞ্চুরিতে ৫০ ওভারে পাকিস্তান তোলে ৩৩৭ রান। সেই রান ভারত টপকে যায় শেষ বলে।যুব ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। আগের রেকর্ডও ছিল ভারতের, গত জুলাইয়ে হাম্বানটোটায় শ্রীলঙ্কার ৩২০ রান টপকে জিতেছিল ।
আজকের খেলায় শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৮ রান। লেগ স্পিনার আহমেদ হুসাইনের প্রথম পাঁচ বলে একটি ওয়াইডসহ আসে ৫ রান। শেষ বলে চাই ৩। অফ স্টাম্পের বাইরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং-অফের পাশ দিয়ে বাউন্ডারিতে বাইরে পাঠিয়ে দেন মোহিত। ডাগআউট থেকে মাঠে ছুটে যায় ভারতের ক্রিকেটাররা। চলতে থাকে তাদের আনন্দ-উল্লাস।
পাঁচ চার ও তিন ছক্কায় ২৬ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক মোহিত। এদিন বল হাতে ৫৭ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও, ব্যাটিং নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন এই তরুন পেসার। নবম উইকেটে মানাল চৌহানের সঙ্গে ৩৫ বলে ৫৭; এরপর শেষ উইকেটে চিগুরুপাতি ভেঙ্কাটার সঙ্গে ১৬ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে দলের জয় নিশ্চিত করেন তিনি। আসরে প্রথমবার খেলতে নেমে ৮ বলে ১১ রানের মূল্যবান ইনিংস খেলেন ভেঙ্কাটা।
ফাইনালে ৬১ বলে ৫৮ রানসহ পাঁচ ম্যাচে ৯০.২৫ গড়ে আসরের সর্বোচ্চ ৩৬১ রান করে টুর্নামেন্ট সেরা পুরস্কার জেতেন ভারতের ব্যাটিং গ্রেট বিরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর সেওয়াগ। তিনটি অর্ধশতকের সঙ্গে একটি সেঞ্চুরি করেন তিনি।
তিন আসর পর যুব এশিয়া কাপে ট্রফি জয়ের স্বাদ পেল ভারত। এই প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন তারা আগে থেকেই। মোট ১৩ আসরের মধ্যে ৯টিরই শিরোপা জিতে রেকর্ডটা আরও সমৃদ্ধ হল ।
অন্যদিকে, শিরোপা ধরে রাখার খুব কাছে গিয়েও শিরোপা জিততে অসমর্থ হল পাকিস্তান ।।
