এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ সেপ্টেম্বর : মাদকমুক্ত করতে পশ্চিমবঙ্গে কোডিন যুক্ত কাশির সিরাপ বিক্রি বন্ধ করার বিষয়ে ওষুধ কোম্পানি “অঙ্গীকার” করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । এই বিষয়ে ওই কোম্পানির “অঙ্গীকারপত্রটি” আজ বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে আমাদের সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
দক্ষিণ দিনাজপুরে পুলিশ প্রশাসনের তৎপরতায় সম্প্রতি প্রায় ২ লক্ষ বোতল কোডিন যুক্ত অবৈধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করে ধ্বংস করা হয়েছে।
অভিযানের পরেই প্রস্তুতকারক সংস্থা Laborate Pharmaceuticals India Ltd. পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই রাজ্যে তাদের ‘Eskuf Cough Syrup’ বিক্রি বন্ধ করার অঙ্গীকার করেছে এবং ইতিমধ্যেই স্থানীয় ডিপোয় মজুত করে রাখা সমস্ত মাল ফিরিয়ে নেওয়ার বন্দোবস্ত করছে।’
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন,’অবৈধ মাদক ও মাদক পাচারের বিরুদ্ধে আমাদের আপোষহীন ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। পুলিশ, প্রশাসনকে সতর্ক ও কর্তব্যে অবিচল থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।যুবসমাজ ও আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের জন্য সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।’
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার তদন্তকারী অফিসার বিভু ভট্টাচার্যকে পাঠানো Laborate Pharmaceuticals India Ltd- এর ডিস্ট্রিবিউশন ম্যানেজার ধীরজ কক্কর স্বাক্ষরিত তিন পাতার চিঠির বিষয়বস্তুতে বলা হয়েছে : “মাদক সমস্যা দমনে অংশীদারিত্ব বিষয়ক নিবেদন (সূত্র: হরিরামপুর থানা মামলা নং ২৬৩/২০২৬, তারিখ ০৫.০৭.২০২৬)৷”
সবশেষে চিঠিতে লেখা হয়েছে,’০৫.০৭.২০২৬—এর চিঠির যথাযথ উত্তর নথিপত্রের সম্পূর্ণ সেটসহ প্রদান করা হয়েছিল, যা এই বিষয়টির তদন্তে সহায়ক হতে পারে। এছাড়া, কলকাতার ডিপো ইনচার্জ শ্রী প্রদ্যুত্ মজুমদারের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, যদিও ‘এসকুফ’ (Eskuf) কাফ সিরাপ একটি লাইসেন্সপ্রাপ্ত ওষুধ এবং কোনো নিষিদ্ধ বা অবৈধ মাদকদ্রব্য নয়, তবুও চিকিৎসাজনিত ব্যবহারের বাইরে অসাধু ব্যক্তিদের দ্বারা এর অপব্যবহারের বিষয়টি নিয়ে আপনাদের সম্মানিত বিভাগ উদ্বিগ্ন। মাদক সমস্যা রোধে আপনাদের বিভাগের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং একটি মাদকমুক্ত জনস্বাস্থ্য ব্যবস্থা ও নৈতিক সামাজিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সহযোগী হিসেবে আমাদের সক্রিয় ভূমিকার বিষয়ে পূর্ণ নিশ্চয়তা প্রদান করছি। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে, ভবিষ্যতে পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো ডিলারের কাছে কোম্পানি বা এর স্থানীয় বিক্রয় ডিপো থেকে সরাসরি ‘এসকুফ’ কাফ সিরাপ বিক্রি করা হবে না। পাশাপাশি, ডিপোতে গচ্ছিত উক্ত পণ্যের মজুদও আমরা ফিরিয়ে নিয়েছি। আমরা আন্তরিকভাবে আশা করি, এই মহৎ উদ্দেশ্যে আমাদের সৎ অবদান হিসেবে আপনারা উপরোক্ত পদক্ষেপগুলোকে গ্রহণ করবেন।’।

