এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৩ আগস্ট : পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইংরাজি সাপ্তাহিক পত্রিকা ব্লিটজ-এর সম্পাদক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী । এই বিষয়ে তিনি আজ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, পাকিস্তান- ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-এ- তৈবার (এলইটি) একটি আত্মঘাতী দলের পাঁচ সদস্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রস্তুতি নিচ্ছে; ভারত থেকে বাংলাদেশে ফেরার পরপরই তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। আইএসআই-এর ঢাকা সেল এই ভয়াবহ সন্ত্রাসী ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।
আরও জানা গেছে যে, আত্মঘাতী হামলার জন্য আত্মঘাতী ভেস্ট (যা শরীরে বহন করা যায়) এবং শক্তিশালী রিমোট-কন্ট্রোলড আইইডি (IED) তৈরির দায়িত্ব লস্কর-ই-তৈবার আরও দুই সন্ত্রাসকে দেওয়া হয়েছে। এছাড়া, হাসিনাকে স্বাগত জানাতে সমবেত বিশাল জনসমাগমকে লক্ষ্য করে একটি শক্তিশালী গাড়ি-বোমা হামলার পরিকল্পনাও করছে আইএসআই (ISI)।
জানা গেছে যে, গাড়ি-বোমা হামলার জন্য ব্যবহৃত গাড়িটিতে ‘PRESS’ (প্রেস) লেখা স্টিকার লাগানো থাকবে, যাতে মানুষের নজর এড়িয়ে সহজেই জনসমাবেশের ভেতরে ঢুকে পড়া যায়।
শেখ হাসিনার বিরুদ্ধে আইএসআই যখন এমন এক ভয়াবহ ষড়যন্ত্রের ছক কষছে, ঠিক তখনই একটি অনলাইন পোর্টাল—মার্কিন দূতাবাসের নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে—দাবি করেছে যে, দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ঢাকা ও দিল্লির মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার জন্য।।
