এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২৮ মে : কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টারের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হলেন বলিউড সুপারস্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । আজ বৃহস্পতিবার কোচবিহার সার্কিট হাউসে জেলাশাসক জীতিন যাদব, মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রিকুমার আরি সহ প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সঙ্গে এনিয়ে একটি জরুরি বৈঠক করেন তিনি ৷ দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে ক্যান্সার সেন্টারের বর্তমান পরিকাঠামো এবং চিকিৎসার সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
প্রসঙ্গত,আশির দশকের শেষভাগে কোচবিহারের বিনপট্টিতে ক্যান্সার সেন্টারটি গড়ে তোলার সময় ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সময়ে বাসে চড়ে কোচবিহারে এসে সাধারণ মানুষের থেকে চাঁদা সংগ্রহ করে এই সেন্টার তৈরিতে উদ্যোগী হন । তবে সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাবে সেই কেন্দ্রটির অবস্থা এখন অনেকটাই শোচনীয়।
বিধানসভা নির্বাচনের আগে প্রচারে এসে এই বিষয়টি জানতে পেরে মিঠুন চক্রবর্তী প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনের পর তিনি পুনরায় কোচবিহারে আসবেন এবং এই সেন্টারের মানোন্নয়নে সদর্থক ভূমিকা নেবেন। প্রয়োজনে ফের চাঁদা তুলে সাধারণ মানুষের জন্য এই চিকিৎসাকেন্দ্রকে আধুনিক করে তোলার অঙ্গীকারও করেছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে তিনি এদিন কোচবিহারে আসেন ।
প্রশাসনের সঙ্গে বৈঠকের শেষে মিঠুন চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন,’আমি কথা দিয়েছিলাম রাজ্যে ক্ষমতায় আসলে ক্যানসার সেন্টারটির পরিকাঠামো উন্নয়ন করা হবে আমার প্রথম কাজ। সেই কথা রাখতেই পুলিশ-প্রশাসনের অনুমতি নিয়ে এখানে এসেছি। এখানে পরিষেবা মোটামুটি রয়েছে। আরও পরিকাঠামো বাড়াতে হবে। আমি ব্যক্তিগতভাবে কিছু জিনিস এখানে দিচ্ছি। বাকি পরিকাঠামোর প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবো।’ তিনি আরও জানান যে জেনারেল বেডের ঘরগুলিকে শীতাতপ নিয়ন্ত্রতিত করার বিষয়ে তিনি উদ্যোগী হবেন ।এদিন তাঁর এই সফর ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।।
