এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ সেপ্টেম্বর : দলের নাম-প্রতীক সব হারালেন মমতা ব্যানার্জি । পার্টির নাম ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ এবং জোড়াফুল প্রতীক চিহ্ন ফ্রিজ করে করে দিল নির্বাচন কমিশন। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন ‘কালীঘাট তৃণমূল’ এবং ঋতব্রত ব্যানার্জিদের ‘নতুন তৃণমূল’-এর সঙ্গে আজ পৃথক পৃথক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় কমিশন ।নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, কে আসল তৃণমূল আর কে নকল, তার চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটি বা ঐতিহ্যবাহী জোড়াফুল প্রতীক—কোনোটাই ব্যবহার করতে পারবে না কোনও পক্ষই। আজ বৃহস্পতিবার বেলা ৩টেয় ঋতব্রত শিবির এবং বিকেল ৪টের সময়ে মমতা শিবিরের প্রতিনিধিদের ফের তলব করে নির্বাচন কমিশন। দুই পক্ষের যুক্তি ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পরই এই বড় পদক্ষেপ নেয় কমিশন।
ফলে পঁচিশ বছরেরও বেশি সময় ধরে যে জোড়াফুল প্রতীক ছিল কার্যত মমতার সমার্থক ব্রান্ড,আসন্ন নন্দীগ্রাম এবং রেজিনগরে বিধানসভার উপনির্বাচনে তিনি সেই প্রতীক ব্যবহার পর্যন্ত করতে পারবেন না তিনি । অবশ্য ঋতব্রতরাও ব্যবহার করতে পারবে না ওই প্রতীক । কমিশন জানিয়েছে, দু’টি গোষ্ঠীকেই আপাতত আলাদা নাম দেওয়া হবে। নিজেদের পছন্দ অনুযায়ী নাম বেছে নিতে হবে তাদের। দলের আসল নামের কাছাকাছি, তার সঙ্গে সংযোগ রেখে নাম বেছে নেওয়া যাবে । পাশাপাশি, দু’টি গোষ্ঠীকেই আলাদা প্রতীকচিহ্ন দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
দলের নিয়ন্ত্রণ এবং মালিকানা কার হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছে। দলের অধিকার ও তহবিলের দখল পেতে মরিয়া লড়াইয়ে নেমেছে মমতার কালীঘাট শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির । কিন্তু আপাতত তাদের আনকোরা দলের তকমা নিয়েও উপনির্বাচনে লড়াই করতে হবে ।
কমিশন জানিয়েছে, আপাতত নতুন নাম ও প্রতীকচিহ্ন নিয়েই লড়তে হবে দুই শিবিরকে। আগামী কাল বেলা ১১টার মধ্যে তিনটি করে বিকল্প নামের প্রস্তাব জমা দিতে হবে তাদের। ফ্রি সম্বলের মধ্যে থেকে বেছে নিতে হবে তিনটি করে। সেখান থেকেই পৃথক পৃথক নাম ও প্রতীকচিহ্ন দেওয়া হবে তাদের। কিন্তু প্রশ্ন হলো, উপনির্বাচনের লড়াইয়ের ঠিক মুখে প্রতীক ও নাম খুইয়ে কীভাবে ময়দানে নামবে দুই পক্ষ ? অবশ্য শাসকদলের অনুগত হওয়ায় ঋতব্রত শিবির যে কিছুটা সুবিধা পাবে এটা বলাই বাহুল্য ।।

