এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৭ সেপ্টেম্বর : আজ রবিবার ভরসন্ধ্যায় শুটআউটের ঘটনা ঘটেছে বীরভূমের বোলপুরে৷ বিজেপির বুথ সভাপতির মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে চম্পট দিল বাইক আরোহী ২ দুষ্কৃতী । জানা গিয়েছে, মৃতের নাম চন্দন ভল্লা। তিনি বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির ২০২ নম্বর বুথের সভাপতি ছিলেন ।
মৃতের দাদা গৌড় চন্দ্র ভল্লা জানিয়েছেন,সন্ধ্যায় ফোন করে ডাকা হয়েছিল তার ভাইকে । ১২ নম্বর ওয়ার্ডের মিলপট্টি এলাকায় আসতেই সাদা রঙের অ্যাপাচে বাইকে চড়ে আসা ২ দুষ্কৃতী এসে তার ভাইয়ের মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায় । তার সন্দেহ যে,তৃণমূলের লোকেরাই তার ভাইকে খুন করেছে ।
জানা গেছে,গুলি চলার সাথে সাথেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন চন্দন। গুলির শব্দ পেয়েই ছুটে যান স্থানীয়রা। তড়িঘড়ি চন্দনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, একটি অ্যাপাচে বাইকে দুই অজ্ঞাতপরিচয় যুবককে মুখে কাপড় ঢাকা অবস্থায় দ্রুত গতিতে পালিয়ে যেতে দেখা যায়। মৃতের ছেলে শুভ্রকান্তি বল্লার জানান, তাঁর বাবার সঙ্গে কারও কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। রাজনৈতিক কারণেই তার বাবাকে খুন হতে হল । মৃতের পরিবার ডগ স্কোয়াড এনে তদন্তের দাবি জানিয়েছে । বীরভূম জেলা পুলিশ সুপার জানিয়েছেন,ফরেন্সিক দল ও ডগ স্কোয়াড এনে ঘটনার তদন্ত করা হবে । খুব দ্রুত খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।।

