এইদিন ওয়েবডেস্ক,দুর্গাপুর(পশ্চিম বর্ধমান),১০ নভেম্বর : বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ হোটেলের মতোই মনে হবে । কিন্তু আপাত সাধারণ হোটেলের আড়ালেই চলত রমরমিয়ে জুয়ার কারবার । রাতের অন্ধকার নামলেই বসত টাকার খেলা, চলত লক্ষ লক্ষ টাকার জুয়ার বাজি । আর এই গোটা অসামাজিক চক্রটি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার নেতৃত্বে পরিচালনা হত বলে অভিযোগ । অবশেষে সোমবার রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের ভিড়িঙ্গীর ওই হোটেলে জুয়ার ঠেকে হানা দিয়ে ওই তৃণমূল নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । জানা গেছে,ধৃত তৃণমূল নেতার নাম চন্দন সাহা। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বলে পরিচিত । স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই বলেন, ‘তৃণমূল কংগ্রেসের এই সমস্ত কুকর্মের জন্যই মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে ।’
জানা গেছে,গোপন সূত্র থেকে সোমবার রাতে ভিড়িঙ্গীর ওই হোটেলে জুয়ার ঠেক বসানোর খবর পায় দুর্গাপুর থানার পুলিশ । খবর পেতেই পুলিশের একটি দল সেখানে আচমকা হানা দেয় । পুলিশ চন্দন সাহা ও তার সঙ্গীদের হাতেনাতে ধরে ফেলে ।বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই জানান,এই ঘটনায় চন্দন সাহা ছাড়াও
বিধান দত্ত,সুনীল বাদ্যকর, শুভঙ্কর বিশ্বাস ও ধনঞ্জয় চক্রবর্তী নামে আরও চারজন তৃণমূল নেতাকে ধরেছে পুলিশ । অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুলিশের নজর এড়িয়ে হোটেলের ভিতরে জুয়ার আসর চালাচ্ছিলেন চন্দন সাহা৷
বিধায়ক বলেন,’গোটা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস এই কালচার নিয়ে এসেছে বলেই মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে । তার পরেও ওদের লজ্জাশরম বলে কিছু নেই । এখনো দুর্গাপুরের বিভিন্ন থানা এলাকায় জোয়ার ঠেক চলছে । আমাদের কাছে বারবার ফোন আসছে । আমি পুলিশকে বলবো একটাকেও যেন না ছাড়া হয় ।’।

