এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ এপ্রিল : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বলেছেন,”আমি হারছি, জঙ্গিপুর হারছে, সামসেরগঞ্জ হারছে,ফারাক্কা হারছে৷” এদিকে তার এই মন্তব্যকে “যুগান্তকারী স্বীকারোক্তি” বলে আখ্যা দিলেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য ।
অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাসের বক্তব্যের ভিডিও ক্লিপ শেয়ার করে লিখেছেন,’এক যুগান্তকারী স্বীকারোক্তিতে, টিএমসি নেতা অনুব্রত মণ্ডল যখন বলেছিলেন যে নির্বাচনের প্রথম পর্বে দল বড়জোর ১৫-১৬টি আসন জিততে পারবে, তার পরেই টিএমসি-র সাগরদিঘি আসনের প্রার্থী বায়রন বিশ্বাস এখন ঘোষণা করেছেন যে তিনি হারতে চলেছেন। তিনি টিএমসি-র সেইসব প্রার্থীদের (বর্তমান বিধায়ক সহ) নামও তালিকাভুক্ত করেছেন, যাঁদের হারার সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও লিখেছেন,’তিনি আরও বলেন যে, কেন্দ্রীয় শক্তিগুলো নির্বাচনটি অত্যন্ত ভালোভাবে পরিচালনা করেছে, যার ফলে দলের জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তিনি আরও যোগ করেন যে, রাজ্যজুড়ে টিএমসি সামগ্রিকভাবে কেমন ফল করবে সে সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই।’
এর আগে শুক্রবার অনুব্রত মন্ডলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । যেখানে তাকে বলতে শোনা গিয়েছিল,,”বাবার জন্মে এমন ভোট দেখিনি । এই ৯৬-৯৭-৯৮ পারসেন্ট পোল….এই ১৫২ টা হল তো… প্রথমে আমি ১৩০ টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস ৷ ১৫-১৬ টা পাবি কিনা সন্দেহ আছে ।” যদিও তিনি পরে সুর পালটা সাংবাদিককে “পাগল ছাগল” আখ্যা দিয়ে বলেছিলেন,”আমি কখনো বলিনি যে তৃণমূল ১৫-১৬ টা পাবে । আমি বিজেপির কথা বলেছিলাম ।”
