এইদিন স্পোর্টস নিউজ,২২ জুন : ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক অভূতপূর্ব রেকর্ড গড়েছেন। এই রেকর্ডটি এর আগে কোনো পুরুষ বা মহিলা খেলোয়াড় অর্জন করতে পারেননি।
ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার মাধ্যমে তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন।
২০০৯ সালের ১১ই জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে হারমানপ্রীত কৌর তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি যাত্রা শুরু করেন। এখন, প্রায় ১৭ বছর পর ২০২৬ সালে, তিনি একই টুর্নামেন্টের দশম আসরে ইংল্যান্ডের মাটিতে নিজের ২০০তম ম্যাচ পূর্ণ করে ইতিহাস সৃষ্টি করেছেন।
এখন পর্যন্ত তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৭৮ ইনিংসে ৩০.০৯ গড়ে ৪,১২৩ রান করেছেন। এর মধ্যে রয়েছে ১৭টি অর্ধশতক ও একটি শতক। ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ বলে ১০৩ রান করেন। তিনি সাতটি চার ও আটটি ছক্কা হাঁকান এবং ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হন।তার অফ-স্পিন বোলিংয়ে ৩২টি উইকেট এসেছে। তিনি টি- টোয়েন্টিতে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।।
