এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৩ জুন : তৃণমূল সরকারের আমলের মন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্লাট থেকে বান্ডিল বান্ডিল টাকার পাহাড় উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এবারে আরও এক তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের চেয়ারপার্সন সব্যসাচী দত্তর ‘ঘনিষ্ঠ বান্ধবী’ টিনা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হল স্বর্ণভান্ডার । সব্যসাচীকে সঙ্গে নিয়ে তেহট্ট ও করিমপুরে তার ঘনিষ্ঠ বান্ধবী তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি ও শ্বশুর বাড়িতে সোমবার রাতভর তল্লাশি চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। আর তল্লাশি চালাতেই তিন কেজি সোনার গহনা উদ্ধার হয় । উদ্ধার হওয়া অলঙ্কারের মধ্যে রয়েছে শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, চওড়া হার, চুড়ি, লকেট, চূড় প্রভৃতি । যার মোট বাজারমূল্য ৪ কোটি টাকারও বেশি । পুলিশের তদন্তে উঠে এসেছে যে সব্যসাচীর টাকাতেই ওই সোনা কিনে রাখা ছিল টিনার বাড়িতে ।এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু জমির কাগজপত্র। উল্লেখ্য, দিনকয়েক আগেই ধৃত সব্যসাচীর বাড়ি থেকে ৫০ কেজি সোনা কেনার রশিদ মিলেছে। তারপরই শুরু হয় সব্যসাচীর বান্ধবীর বাড়িতে তল্লাশি।
তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিক নদিয়া জেলা পরিষদের সদস্য । এছাড়া নদিয়া জেলায় তৃণমূলের বঙ্গজননীর সভানেত্রীও ছিলেন তিনি। সব্যসাচীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা যায়। বিধায়ক তাপস সাহার সঙ্গে টিনার দ্বন্দ্ব ছিল বলেও চর্চা রয়েছে। বিধায়কের অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগে বেশ কয়েকজনকে চাকরি দিয়েছিলেন এই টিনা । বৃহস্পতিবার টিনাকে বিধাননগর থানায় সশরীরে হাজিরার নোটিস দেওয়া হয়।
গত ৮ জুন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন সব্যসাচী দত্ত। গ্রেপ্তারের পর এতদিন তিনি বিধাননগর উত্তর থানার পুলিশের হেফাজতে ছিলেন।
আজ, মঙ্গলবার তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে । আর আজকেই তার বান্ধবীর বাড়ি থেকে বিপুল পরিমান সোনার অলঙ্কার উদ্ধার হল । যদিও টিনার দাবি রাজনৈতিক সম্পর্ক ছাড়া সব্যসাচী দত্তর সঙ্গে তাঁদের আর কোনও সম্পর্ক নেই। তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার৷।
