এইদিন স্পোর্টস নিউজ,০৫ আগস্ট : জাম্বিয়ায় চলমান এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নিয়ে বড় ধরনের ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন পাকিস্তানের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন এই টুর্নামেন্টে অংশ নিতে প্রয়োজনীয় অনুমতি নেয়নি ক্রিকেটাররা।
এ কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি। দুই বছর বিদেশি লিগে খেলার অনুমতি না পাওয়া কিংবা পিএসএলে কোনো ধরনের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তারা।
হঠাৎ কেন এত কঠোর হয়ে উঠল পিসিবি? এ ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। জাম্বিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, তাদের দেশে অনুষ্ঠিত হলেও এশিয়ান লিজেন্ডস লিগের অনুমোদন দেয়নি তারা। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে পিসিবি। বিবৃতিতে পিসিবি উল্লেখ করেছে, ‘আইসিসির ইভেন্ট অনুমোদন ও খেলোয়াড় ছাড়পত্র সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, এই লিগকে অনুমোদনহীন ইভেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে জাম্বিয়া ক্রিকেট ইউনিয়নও (জেডসিইউ) এই টুর্নামেন্টের অনুমোদন দেয়নি।’
পিসিবি যোগ করেছে, ‘আইসিসি জানিয়েছে, বিদেশে কোনো ক্রিকেট ইভেন্টে অংশ নিতে হলে প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে। অনুমোদন হীন কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সদস্য বোর্ডগুলোর ওপরও রয়েছে। এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট বোর্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।’
বিবৃতিতে শাস্তির মাত্রাও উল্লেখ করেছে পিসিবি। সেখানে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট ক্রিকেটাররা আগামী দুই বছর অনুমোদিত বিদেশি লিগ বা টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য পিসিবির এনওসি পাবেন না। পাশাপাশি একই সময়ের জন্য তারা পিসিবি কিংবা পাকিস্তান সুপার লিগের অধীনে কোচিং, মেন্টরিং, পরামর্শক বা অন্য কোনো দায়িত্বও পালন করতে পারবেন না।
উল্লেখ্য, গত ৩০ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে পাকিস্তান প্যান্থারস। দেশটির প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে দল গঠিত হলেও সবাই শেষ পর্যন্ত মাঠে নামেননি। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মহম্মদ হাফিজ, সোহেল তানভীর ও উমর আকমল টুর্নামেন্ট খেলতে জাম্বিয়ায় গেলেও আইসিসির অনুমোদন না থাকার বিষয়টি জানতে পেরে টুর্নামেন্টে থেকে সরে দাঁড়ান।।

