এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ সেপ্টেম্বর : কলকাতার মুকুন্দপুরে ‘কালীঘাট তৃণমূল’ ও বিজেপির সংঘর্ষে আহত হলেন প্রাক্তন বিধায়ক ও আইপিএস হুমায়ুন কবীর । তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয় । হাসপাতালে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় ছবি পোস্ট করে ‘কালীঘাট তৃণমূল’ -এর আইটি সেলের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও IPS অফিসার হুমায়ুন কবীরের উপর বিজেপির হামলার ঘটনায় তীব্র ধিক্কার ও নিন্দা জানাই।হামলা করে, ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের রোখা যায়নি, যাবে না।’
মঙ্গলবার বিকেলে পার্টি অফিস দখলের অভিযোগ তুলে পূর্ব যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিল ‘কালীঘাট তৃণমূল’ । ছিলেন হুমায়ুন কবীর,উপাসনা চৌধুরী প্রমুখ ‘কালীঘাট তৃণমূল’-এর নেতানেত্রীরা । সেই সময় বিজেপি ও ‘কালীঘাট তৃণমূল’ এর মধ্যে সংঘর্ষ শুরু হয় । শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজেপির দাবি, তাঁদের দলের এক কর্মী মিছিলের ভিডিও রেকর্ড করছিলেন, সেই সময় তাঁর উপর হামলা হয়। যেকারণে ঝামেলার সূত্রপাত। অন্যদিকে, মিছিলের মাঝে ওড়না, পোশাক টেনে হামলা করার অভিযোগ তোলেন উপাসনা চৌধুরী। এই ঘটনায় কয়েকজনকে আটক করে পূর্ব যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে ।।

