এইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩০ সেপ্টেম্বর : তেল ট্যাঙ্কারে সোমালি জলদস্যুদের হামলায় ভারতীয় নাবিকসহ পাঁচজন নিহত হয়েছেন । সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডে পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের (পিএমপিএফ) পাল্টা হামলায় একজন ভারতীয় নাবিকসহ পাঁচজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। কেনিয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
গত এপ্রিলে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জ্বালানি নিয়ে যাওয়ার সময় জলদস্যুরা এমটি অনার নামের ট্যাঙ্কারটি ছিনতাই করে। মঙ্গলবার ভোরে ঘটা এই সংঘর্ষে একজন ভারতীয় ছাড়াও তিনজন পাকিস্তানি ও একজন মিয়ানমারের নাগরিক নিহত হন। এই ঘটনায় তিনজন পাকিস্তানি ও একজন ভারতীয় আহতও হন।
জাহাজের নাবিকদের সংগঠন ‘ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অফ ইন্ডিয়া’ জানিয়েছে, নিহত ভারতীয় নাবিক হলেন জাহাজের রাঁধুনি মহম্মদ তানভিরুজ্জামান। সোমালিয়ার স্থানীয় বাহিনী জানিয়েছে, জলদস্যুরা নাবিকদের জোরপূর্বক আটক করার পর তাদের ওপর হামলা চালায়।
নাইরোবিতে অবস্থিত ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তারা নিহত নাবিকের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তার মৃতদেহ দেশে ফেরত পাঠানোসহ সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে । কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজে থাকা অন্য ভারতীয় নাবিকরা এবং সম্প্রতি জলদস্যুদের হাত থেকে উদ্ধার হওয়া এমটি সিবু ১ ও এমটি ইউরেকা জাহাজে থাকা যথাক্রমে ১৬ ও ৪ জন ভারতীয় নিরাপদে আছেন। কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে যে, ভারতীয় নাবিকদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তারা সোমালি সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।।

