এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২০ সেপ্টেম্বর : জায়গা নিয়ে পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামশোর গ্রামে । সংঘর্ষে উভয়পক্ষ মিলে ৫ জন আহত হয়েছে । এদিকে একপক্ষকে হামলার মদত দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা সিপিএমের ভাতার এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক এবং গ্রাম পঞ্চায়েত সদস্য নজরুল হকের বিরুদ্ধে । আক্রান্ত পরিবারের অভিযোগ যে, বিজেপি করার অপরাধেই ওই সিপিএম নেতার মদতে তাদের উপর হামলা হয় । যদিও অভিযোগ অস্বীকার করেছেন নজরুল হক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গিয়েছে, বামশোর গ্রামের বাসিন্দা মুন্সি নবাব ও তাদের আত্মীয় আইনুল হক, মসিবুল হকদের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এনিয়ে আজ রবিবার ফের দুই পরিবারের মধ্যে ঝামেলা বাধে । তুমুল বাকবিতণ্ডার মাঝে দু’পক্ষই লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়লে কার্যত রনক্ষেত্রের চেহেরা নেয় । সেই সময় আইনুল হকদের পক্ষ নিয়ে নজরুল হকের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন মুন্সি নবাব ।
মুন্সি নবাবের অভিযোগ,’আমরা সপরিবারে বিজেপি করি । আর সেই কারনেই নজরুল হকের মদতে আইনুল ও মসিবুলরা লোকজন জড়ো করে আমাদের উপর চড়াও হয়ে হামলা চালায় ।’রাজনৈতিক আক্রোশেই এইভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ তার । যদিও অভিযোগ অস্বীকার করে নজরুল হকের দাবি,’ওটা সম্পূর্ণ পারিবারিক বিবাদ। একজন জনপ্রতিনিধি হিসাবে আমি মিটমাট করতে গিয়েছিলাম । উলটে আমাকেই মারধর করা হয়।’
উল্লেখ্য,রাজ্যে পালাবদলের পর ভাতার বাজারের একটি লজের সামনে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পোড়ানোর অভিযোগ উঠেছিল সিপিএম নেতা নজরুল হকের বিরুদ্ধে । অভিযোগ যে, সেই সময় কুলচন্ডা গ্রামের কয়েকজন বিজেপি কর্মী প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় । এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে নজরুল হককে গ্রেপ্তার করে পুলিশ । যদিও কয়েকদিন কারাবাস করে পরে তিনি জামিনে মুক্ত হন ।।

