এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ সেপ্টেম্বর : মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে কলকাতার পঞ্চসায়র থানার পুলিশ। ধৃত মহিলাকে সন্তোষপুরের বাসিন্দা ৩১ বছরের রাগেশ্রী গোপ নামে চিহ্নিত করেছে পুলিশ । সন্তোষপুরের এক চিকিৎসকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশের তদন্তে অন্তত ১৪ জনের বিরুদ্ধে ১১টি মিথ্যা মামলা করার অভিযোগ সামনে এসেছে বলে জানা গেছে ।
ধৃত মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি বিভিন্ন পুরুষের সাথে প্রথমে বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা তৈরি করতেন এবং পরবর্তীতে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা তথ্য ব্যবহার করে ব্লাকমেইল করতেন। মোটা টাকা না দিলে তিনি ধর্ষণ বা শ্লীলতাহানির মিথ্যা মামলা করার হুমকি দিতেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্ভে পার্ক, রবীন্দ্র সরোবর, কসবা, রিজেন্ট পার্ক, যাদবপুর ও গল্ফগ্রিন এলাকা মিলে অন্তত ১৪ জনকে ওই মহিলা তার ব্লাকমেলিং এর ফাঁদে ফেলেছিলেন। তার ফাঁদে পড়া ব্যক্তিদের তালিকায় অটোচালক থেকে চিকিৎসক এবং জিম মালিক—বিভিন্ন পেশার মানুষ ছিলেন । অন্তত ১১টি এই ধরনের মামলা বা অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা ।
জানা গেছে,মহিলার ব্লাকমেলিং-এর শিকার হয়েছিলেন সন্তোষপুরের এক চিকিৎসক। অভিযোগ, সন্তোষপুরের চেম্বারে যাওয়ার পর ওই চিকিৎসককে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা চাওয়া হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে মামলা হলে গ্রেফতারও করা হয় তাঁকে ।
চিকিৎসক জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর স্ত্রী আলিপুর আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ যে, তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার তদন্তের জন্য আদালত পঞ্চসায়র থানাকে নির্দেশ দেয়। এরপর তদন্তে নামে পুলিশ । তদন্তে পুলিশ ওই অভিযোগ খতিয়ে দেখে তরুণীর বিরুদ্ধে একাধিক অসঙ্গতির তথ্য পায় বলে জানা গিয়েছে। চিকিৎসকের কাছ থেকে ধারাবাহিক ভাবে টাকা চাওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগও তদন্তে উঠে আসে। এমনকি আগাম আশঙ্কা করে চিকিৎসক পূর্ব যাদবপুর থানায় বিষয়টি জানিয়েছিলেন বলেও পুলিশ সূত্রে খবর। তদন্তে আরও জানা গিয়েছে, এর আগেও একাধিক ব্যক্তির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিলেন ওই তরুণী। ২০২১ সালে নিজের বাবার বিরুদ্ধেও অভিযোগ করার পর তাঁকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা গেছে,তিনি কয়েকটি বাংলা ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয়ও করেছেন ধৃত রাগেশ্রী গোপ। গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে সন্তোষপুর ইস্ট রোডে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় । এরপর ১৯ সেপ্টেম্বর তাকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে পয়লা অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।।

