এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২৩ এপ্রিল : উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষে শিশুসহ এগারো জন নিহত হয়েছেন। বুধবার রাত প্রায় সাড়ে ৮টার নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মনে করা হচ্ছে, ট্রাকের ব্রেক ফেল করার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয় বলে জানান এসপি অপর্ণা রজত কৌশিক । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করে এটিকে একটি “অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা” বলে বর্ণনা করেছেন।
জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে, দ্রমন্ডগঞ্জ উপত্যকা থেকে লাসোদার দিকে নেমে যাওয়া জাতীয় সড়ক-১৩৫-এই দুর্ঘটনাটি ঘটে।প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢালু পথে চলা একটি ট্রাকের ব্রেক ফেল করায় সেটি সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। দুটি ট্রাকের মাঝখানে থাকা বোলেরো গাড়িতে সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং আগুন ধরে দাউদাউ করে জ্বলতে থাকে । ফলে জীবন্ত দগ্ধ হয়ে বোলেরোর চালকসহ যাত্রীদের মৃত্যু হয় । এসপি অপর্ণা রজত কৌশিক জানান, পরবর্তী একাধিক দুর্ঘটনায় গাড়িটি আর একটি গাড়িকে ধাক্কা দেয় এবং তাতে আগুন ধরে যায়।পুলিশ ও স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করেছে। এসপি জানিয়েছেন, এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট পবন জানান যে, মৃতদের মধ্যে ৭ জন মির্জাপুর জেলার, ৩ জন মধ্যপ্রদেশের এবং ১ জন নিকটবর্তী সোনভদ্র জেলার বাসিন্দা ছিলেন। মৃতদের পরিচয় জানা গেছে। তারা হলেন মির্জাপুর জেলার জিগনা এলাকার শিব সিং (৮), সোনম সিং (৯), পীযূষ সিং (১৪), পঙ্কজ সিং (৪০), বন্দনা সিং (৪৩), বিষ্ণু সিং (৪৫) এবং বীণা সিং (৪৭)। অন্যরা হলেন মধ্যপ্রদেশের সাতনা থেকে কার্তিকেয় সিং (১৮) এবং প্রিয়াঙ্কা সিং (৪২), সাগরের বিকাশ শর্মা (৩২) এবং সোনভদ্রের জয় প্রকাশ (৩৭) ।
দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো ছিল বিহারে নিবন্ধিত একটি ট্রাক এবং মধ্যপ্রদেশে নিবন্ধিত আর একটি ট্রাক । গাড়িগুলোর মধ্যে একটি ছিল সোনভদ্র জেলার এবং অন্যটি মির্জাপুর জেলার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ বৃহস্পতিবার সকালে একটি পোস্ট করে বলেছেন, “মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার সমবেদনা।” তিনি বলেছেন যে, আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। গাঙ্গওয়ারের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যে,মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারগুলোকে খবর দেওয়া হয়েছে।।
