এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০১ অক্টোবর : গত রবিবার দুপুরে মুর্শিদাবাদের রেজিনগরে একটি দলের নির্বাচনী প্রচারের সময় চকলেট কুড়োতে গিয়ে গাড়ির ধাক্কায় ৬ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয় । আজ বৃহস্পতিবার মৃত শিশুর বাড়িতে গিয়ে তার বাবা-মা’কে সমবেদনা জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পাশাপাশি নির্বাচনী বিধি উঠে যাওয়ার পর পরিবারটিকে সরকারি ভাবে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ।
পরিবারটির সাথে সাক্ষাতের মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রেজিনগর বিধানসভা নির্বাচনী প্রচারে শক্তিপুর সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারানো লোকনাথপুর গ্রামের ছয় বছরের শিশু জেসমিনা খাতুনের পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ করে কথা বললাম।’ তিনি আরও লিখেছেন,’জেসমিনার পিতা দুলাল মল্লিকের কাছ থেকে সেই দিনের মর্মান্তিক ও দুর্ভাগ্যজনক ঘটনার বিস্তারিত জেনেছি। করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরিবারটিকে ছোট্ট জেসমিনার অকাল প্রয়াণের শোক কাটিয়ে ওঠার শক্তি প্রদান করুন। তাঁদের জন্য এ এক অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে জেসমিনার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি। জেসমিনার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
প্রসঙ্গত,গত রবিবার দুপুরে রেজিনগর বিধানসভার রামপাড়া-১ পঞ্চায়েতের লোকনাথপুর গ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের (ঋতব্রতপন্থী) প্রার্থী শফিউজ্জামান শেখ । তার সমর্থনে একটি প্রচার শোভাযাত্রা বের হয়। হুডখোলা প্রচারের গাড়ি থেকে শিশুদের উদ্দেশে চকলেট ছোঁড়া হচ্ছিল। সেই চকলেট কুড়াতে গিয়ে হুড়োহুড়িতে পড়ে যায় স্থানীয় প্রথম শ্রেণির ছাত্রী জেসমিনা খাতুন। সেই সময় পিছন থেকে আসা একটি মিনি ট্রাকের ধাক্কায় সে গুরুতর জখম হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শিশুটির মৃত্যু হয়।।

