এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০৬ অক্টোবর : আজ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম – এই তিনটি রাজ্যের পাঁচটি বিধানসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিসহ আসামের একটি লোকসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভোটগ্রহণ হচ্ছে । বিশেষ করে নন্দীগ্রামের উপর সকলের নজর । কারন এই আসনটি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছেড়ে দিয়েছেন । বিজেপির প্রার্থী মুখ্যমন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়কের মা হাসিরানি রথ ৷ শুভেন্দু নিজেও এই বিধানসভার ভোটার । তাই সকাল সকাল ভোট দিতে বের হন তিনি ।
সকাল ১০ টা বেজে ৪৫ মিনিট নাগাদ শান্তিকুঞ্জ থেকে বের হয়ে কনভয় থেকে নেমে টোটো চড়ে পৌঁছন নন্দীগ্রামের নন্দনায়কবাড় ভোটগ্রহণ কেন্দ্রে । ভোট দিয়ে ফের টোটোর চড়েই ফিরে যান ।
শুভেন্দু অধিকারী বলেন,’উপনির্বাচনে সাধারণত কম ভোট পড়ে। নন্দীগ্রামে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমি মুখ্যমন্ত্রী, সরকারি নিরাপত্তা পাই। আইন সকলের মেনে চলা উচিত। আমি ভোট দেওয়ার পর ভাড়া ঘরে থাকতে পারি। বুথের বাইরে যাওয়া, প্রচার করার সুযোগ নেই। আমি সেসব করব না।’ পাশাপাশি তিনি ভবিষ্যৎবানী করে বলেন,’আমার বিশ্বাস এবারও রেকর্ড ভোটে জিতবে বিজেপি।’
দুই কেন্দ্রে ভোট শান্তিপূর্ণই চলছে । রয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা । তবে রেজিনগরে হুমায়ুন কবির পুলিশের সাথে বচসা ও ধাক্কাধাক্কি করায় তাকে আটক করা হয় । অন্যদিকে আটক করা হয়েছে নন্দীগ্রাম ১ ব্লকের কংগ্রেস সভাপতিকেও । তার বিরুদ্ধে ভোট প্রক্রিয়ায় অশান্তি পাকানোর অভিযোগে রয়েছে । এছাড়া, নন্দীগ্রামের সোনাচূড়া জালপাই গ্রামে বিক্ষোভের মুখে পড়তে হয় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে । কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয় ।
এছাড়া,বিজেপির বিরুদ্ধে কংগ্রেস কিছু অভিযোগও তুলেছে । নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস । সেই সাথে বয়াল-২ জিপির ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর বুথ। গোকুলনগরের ২৫০ থেকে ২৬৯ নম্বর বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস । এনিয়ে তারা নির্বাচন কমিশনে নালিশও জানিয়েছে ।।

