এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ আগস্ট : কোচবিহারের রাজবংশী সম্প্রদায়ের স্বঘোষিত “মহারাজ” অনন্ত রায়ের উসকানিতে নেতাজী সুভাসচন্দ্র বসু সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একের পর এক অপমানজনক ও কদর্য পোস্ট করে যাচ্ছে হাতে গোনা কয়েকজন ব্যক্তি । এনিয়ে গোটা রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । এবারে নেতাজী সম্পর্কে কুরুচিকর মন্তব্য ও পোস্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ বুধবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি-কে পাশে রেখে এই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করা হলে সেই ব্যক্তির বিরুদ্ধে সাইবার অপরাধ দমন আইনের আওতায় পুলিশি পদক্ষেপ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি নেতাজিকে নিয়ে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের কয়েকটি মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। রবিবার জলপাইগুড়ির ফুলবাড়ির একটি সভায় অনন্ত দাবি করেন, ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজির কোনও অবদান নেই। তিনি বলেন,’সুভাষচন্দ্র কিসের নেতা ? একজন যুদ্ধ অপরাধী ।’
এখন প্রশ্ন উঠছে, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত রায়কে কি গ্রেপ্তার করা হবে ? সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘উত্তরবঙ্গে রাষ্ট্রবাদ, দেশপ্রেমী বিধায়ক, মন্ত্রীরা এসেছেন আমার কাছে অভিযোগ জানাতে। নেতাজিকে নিয়ে যাঁরা অপপ্রচার করেছেন, মিম করেছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার করা হবে। কোনও জনপ্রতিনিধি বা এমপি-র ক্ষেত্রেও আইন সমান। একই পদক্ষেপ করা হবে।’
তিনি বলেন,’আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন সকলের জন্য সমান। পুলিশকে দলমত নির্বিশেষে স্বাধীন ভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি পুলিশের পদক্ষেপকে প্রভাবিত করবে না। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মাটিতে নেতাজিকে অপমান করতে দেব না। গ্রেপ্তারও করতে বলা হয়েছে।’ বিষয়টি নিয়ে ‘মেটা’ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন,’যারা দুঃসাহস দেখিয়েছেন, তা ভাল নয়, এটা ভাল ভাবে নিচ্ছি না। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, অবিলম্বে পোস্ট ডিলিট করুন । তবে ডিলিট করলেও ব্যবস্থা নেবে পুলিশ। সাইবার সেলকে এব্যাপারে নির্দেশ দিয়েছি। উত্তরবঙ্গের বিধায়করা এনিয়ে আমার কাছে দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মাটিতে থেকে এসব চলবে না, প্রয়োজনে গ্রেফতারও করা হবে বলে নির্দেশ দিলেন তিনি।।
