এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৬ জুলাই : নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের নামে কলকাতার ধর্মতলায় বিক্ষোভ মিছিল থেকে সাংবাদিক ও পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় এখনো পর্যন্ত ১৪ জন গ্রেপ্তার হয়েছে । তাদের সঙ্গে নিটের সঙ্গে দুরদুরান্তের কোন সম্পর্ক নেই । ভারতকে অশান্ত ও দুর্বল করতে চাওয়া জামাতি, মৌলবাদীরা এই ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । খারিজি মাদ্রাসা,ওবিসি সার্টিফিকেট, পশুহত্যা আইন, মাইক ব্যবহারের কড়াকড়ির জন্য রাগ থেকেই এই হামলা চালানো হয় বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ।
আজ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে কার্গিল দিবস উদযাপন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘এটা বামেদের মিছিল ছিল না । স্বঘোষিত ককরোচ পার্টির মিছিল ছিল। পরে বামেরা যুক্ত হয় । হিংসার ঘটনায় নিট আন্দোলকারীরা একেবারেই যুক্ত নয়, আমরা ভালোকরেই দেখেছি । সাংবাদিকদের উপর বর্বরোচিত আক্রমণের দায়িত্ব তারা নিচ্ছেন না ।’
মুখ্যমন্ত্রী বলেন,’এই শক্তিটা সম্পূর্ণভাবে বিদেশী শক্তি দ্বারা মদতপুষ্ঠ হতে পারে । তদন্তকারীরা বলতে পারবেন । এদের সঙ্গে ককরোচ পার্টি বা নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই । এরা কেউ ছাত্রও নয় । এরা সম্পূর্ণভাবে জামাতি, মৌলবাদী এবং ভারতকে দুর্বল করতে চায় অশান্তি করতে চায় ।’ তিনি বলেন,’আর গত ১০ সপ্তাহ ধরে এরাজ্যে বিজেপির যে রাষ্ট্রবাদী বিজেপি সরকার চলছে,তারা যে আইন কার্যকর করেছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে ।’ মুখ্যমন্ত্রী বলেন,’খারিজি মাদ্রাসার রেজিষ্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এটা রাগ আছে । অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করে দিলো, আমরা কার্যকর করেছি । রাগ আছে । ১৯৫০ সালে পশুহত্যা আইন হয়েছিল, আমরা কার্যকর করেছি । এতে রাগ আগে । শব্দ দূষণ নিয়ে আমরা পদক্ষেপ নিয়েছি । এদের রাগ আছে । সেই কারনে এই লোকেরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, চোখে দেখার অযোগ্য প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শন,এটা আন্দোলন নাকি ?’
মুখ্যমন্ত্রী বলেন,’যেভাবে সংবাদমাধ্যমের কর্মীদের মেরেছে,রক্তপাত করেছে,প্রাণঘাতী হামলা করেছে তাদের বিরুদ্ধে ৭ টা মামলা হয়েছে৷ সব মামলা সাংবাদিকরা করেছে । পুলিশ দু’একটা স্বতঃপ্রণোদিত মামলা করেছে । পশ্চিমবঙ্গের রিপোর্টাররা বছরের পর বছর ধরে আক্রান্ত হওয়ার পর এই প্রথম তারা নির্ভয়ে এগিয়ে এসেছেন।’।
